খবরাখবর, শিলিগুড়ি

শিলিগুড়িবাসীকে ‘‌বিষ-‌জল’‌ খাওয়ানোর অভিযোগ, মেয়রকে ঘিরে বাম-‌বিক্ষোভ

মে 30, 2024

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0;

দুরন্ত প্রতিবেদন :‌ মহানন্দার জল মানে কার্যত ‘‌বিষ’‌। সেই বিষাক্ত জল শিলিগুড়ির মানুষকে খাওয়ানো হল কেন?‌ এই প্রশ্ন তুলে বৃহস্পতিবার শিলিগুড়ি পুরনিগম ঘেরাও করল সিপিএম। বিক্ষোভকারীদের তালিকায় ছিল এসইউসিআইও। পুরনিগমের গেটের বাইরে যখন বামেরা বিক্ষোভ দেখাচ্ছেন, তখন মেয়র গৌতম দেবকে গাড়ি নিয়ে বেরতে দেখে ‘‌চোর চোর’‌ স্লোগানও উঠল এদিন। এরপর একটা পর্যায়ে ধস্তাধস্তির পর্যায়ে পৌঁছে গেল পরিস্থিতি। বাধ্য হয়ে পুলিশ ও পুরকর্মীরা করিডোর গড়ে মেয়রকে সেখান থেকে বের করে অন্য গাড়িতে তুলে দেন। বামেরা যে আন্দোলনকে এতটা আক্রমণাত্মক জায়গায় নিয়ে যেতে পারে, সেটা আন্দাজই করতে পারেনি তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরনিগম।

জল নিয়ে তুলকালাম, উঠল চোর চোর স্লোগান


বুধবারই মেয়র হাতজোড় করে অনুরোধ করেছিলেন, যাতে করে শিলিগুড়ি পুরনিগমের জল কেউ না পান করেন। কারণ মহানন্দার জল পরিশোধন করে পাইপ লাইনে পাঠালেও সেই জল পানে যোগ্য নয়। এখানেই প্রশ্ন ওঠে, তাহলে সেই দূষিত জল পাইপ লাইনে সরবরাহ করা হল কেন?‌ যারা মেয়রের ঘোষণা জানতে পারেননি, তারা তো যথারীতি পানও করেছেন। আর এই ঘটনা শহরে ছড়াতেই শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরনিগমের সমালোচনায় মুখর হন আমজনতা। এই ক্ষোভকে কাজে লাগিয়ে পুরনিগমের ‘‌অকর্মণ্যতা’‌র বিরুদ্ধে সরব হন বামেরা।

শিলিগুড়ির মেয়রের গাড়ি ঘিরে বিক্ষোভ সিপিএমের। ৩০ মে বৃহস্পতিবার। ছবি:‌ সাতদিন

শিলিগুড়ি গান্ধীমূর্তি থেকে মিছিল করে পুরনিগমে বিক্ষোভ শুরু করেন। তবে শুরুতে মেয়রকে দেখলেও বামেরা ততটা আক্রমণাত্মক ছিলেন না। মেয়র ভিড় ঠেলে কিছুটা বেরিয়ে যাবার পর ডেপুটি মেয়র আঙুল উঁচিয়ে ধমকানো শুরু করলে ক্ষেপে যান বামকর্মীরা। মেয়রের গাড়ির চালক আবার সেই ভিড়ের মধ্যেই অনেকটা জোর করে গাড়ি চালানোর চেষ্টা করলে বামেরা মেয়র ও ডেপুটি মেয়রের উদ্দেশ্যে ‘‌চোর চোর’‌ স্লোগান ছুঁড়তে শুরু করেন। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এদিনের বিক্ষোভ অভিযানে প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার, কাউন্সিলর নুরুল ইসলাম, মৌসুমী হাজরা, দীপ্ত কর্মকার, শরদিন্দু চক্রবর্তী, সিপিএমের সৌরভ দাস, সৌরভ সরকার, উদয়ন দাশগুপ্ত, সাগর শর্মা থেকে সর্বস্তরের নেতারা হাজির ছিলেন।

Leave the first comment