Opens in a new tab

খবরাখবর, রাজনীতি

প্রথম টেন্ডারে ডাহা ফেল বিজেপির অজয় ?‌

অক্টোবর 2, 2026

দুরন্ত প্রতিবেদন :‌ কথায় আছে, যত দোষ নন্দ ঘোষ। আর শিলিগুড়ি মহকুমা পরিষদে বিজেপি বুঝিয়েছে ‘‌যত দোষ অরুণ ঘোষ’‌। উল্লেখ্য, অরুণ ঘোষ ছিলেন মহকুমা পরিষদের সভাধিপতি। ৪ মে রাজ্যে বিজেপি সরকার তৈরি হতেই অরুণ তাঁর নিজের পদ থেকে ইস্তফা দেন। কিন্তু বাস্তবে কী হল !‌ সেই অরুণ ঘোষের অবর্তমানে মহকুমা পরিষদের প্রথম টেন্ডারেই ডাহা ফেল করল বিজেপি প্রভাবিত বোর্ড। যেহেতু এখন মহকুমা পরিষদের নিয়ন্ত্রণ বিজেপি সদস্য অজয় ওঁরাওয়ের হাতে, ফলে এই ব্যর্থতা তাঁর ওপরেই বর্তায়।

শিলিগুড়ি মহকুমা পরিষদ।

পুজোর আগে গ্রামীণ রাস্তা ঝকঝকে করতে প্রায় সাড়ে ৪ কোটি টাকার টেন্ডার ঝুলিয়েছিল শিলিগুড়ি মহকুমা পরিষদ। সভাধিপতির ইস্তফার পর এটাই প্রথম বড় টেন্ডার। কিন্তু সেই টেন্ডারে ঠিকাদাররা কার্যত অংশই নিলেন না। ১৭টি কাজের মধ্যে মাত্র ৯টি কাজের হিল্লে হলেও বাকি ৮টি কাজের জন্য কোনও ঠিকাদারই মিলল না। অথচ বিজেপির তরফে জানানো হচ্ছিল, এতদিন মহকুমা পরিষদে শুধুই দুর্নীতি আর কাটমানি কালচার চলেছে। কিন্তু এবার সেসবে জিরো টলারেন্স দেখিয়ে কাজ চলবে। অর্থ্যাৎ ঠিকাদারদের থেকে কাটমানি নেবার দিন শেষ। তেমন হলে তো টেন্ডারে ঠিকাদারদের ভিড় জমে যাবার কথা। অথচ বাস্তবে দেখা গেল ঠিকাদাররা দরপত্রই জমা করছেন না।

বিষয়টি নিয়ে বিজেপির অজয় ওঁরাওকে জিজ্ঞেস করতেই তিনি জানিয়ে দিলেন,‘‌‌প্রথমবার আমরা টেন্ডার করিয়েছি। যোগাযোগে কিছু অভাব ছিল। তবে দুই দিন সময় বাড়ানো হচ্ছে। আশা করি সমাধান হয়ে যাবে।’‌
কিন্তু প্রশ্ন হল, নতুন সরকার গঠনের পর প্রথমবার টেন্ডার হচ্ছে মানে বিজেপিকে দেখিয়ে দেবার কথা ছিল। অথচ অজয় ওঁরাও নির্দ্বিধায় বলছেন যোগাযোগে অভাব ছিল। তাহলে আগামী দুইদিনে সব সমাধান হয়ে যাবে?‌ শিলিগুড়ির গ্রামীণ এলাকার মানুষ পুজোর সময় ঝা চকচকে রাস্তায় হাঁটতে পারবেন?‌ কিন্তু দপ্তরের অনেক কর্মীরাই জানাচ্ছেন, পুনরায় টেন্ডারে গেলে পুরো প্রক্রিয়া করতে আরও অন্তত ১৪দিনের প্রয়োজন। ততদিনে পুজো চলে আসবে। সেই সময় টেন্ডারে কেউ অংশ নিলেও কাজ পুজোর আগে শেষ করার সম্ভাবনাই নেই। তাহলে কী মহকুমা পরিষদ এলাকায় এবারে ভাঙা রাস্তা দিয়েই পুজো দেখতে যেতে হবে?‌ অন্তত তেমন পরিস্থিতিই তৈরি হয়ে আছে।

মহকুমা পরিষদের বিজেপি সদস্য তথা বিদায়ী বিরোধী দলনেতা অজয় ওঁরাও

1 comment

  • Not before puja, let’s see when will be the roads will repaired & completely complete..

Leave your comment