রাজনীতি, শিলিগুড়ি

বিজয় মিছিলের স্থান নির্বাচনে চমক বিজেপির

মে 5, 2026

দুরন্ত প্রতিবেদন:‌ সোমবারেই গেরুয়া ঝড় দেখেছে গোটা বাংলা। সেই ঝড়ে তছনছ হয়েছে শিলিগুড়ির তৃণমূলও। তবে বিপুল জয় পেলেও বিজয় মিছিল নিয়ে আগাম কিছু জানানো হয়নি বিজেপি দলের তরফে। মঙ্গলবার বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল জানিয়ে দিয়েছেন ১১ মে বিজয় মিছিল হবে। তবে সেই বিজয় মিছিলের যাত্রা শুরু করার জন্য এমন একটি স্থান নির্বাচন করা হয়েছে, যা শিলিগুড়ির সবাই চেনেন। বিজেপি দলের সঙ্গে সেই জায়গাটির হুবহু মিল রয়েছে। জেলা বিজেপি সভাপতি সেই জায়গাটি নির্বাচন করেছেন আরও একটি কারণে। আসলে ওই জায়গাটির সঙ্গে দলের নামের মিল থাকায় সেই নামটাই তৃণমূল পাল্টে দিতে চেয়েছিল। পরে অবশ্য সেই পথ মাড়াননি তৃণমূলের জনপ্রতিনিধিরা। কিন্তু নাম বিতর্কে সেই জায়গাটি নতুন করে জনপ্রিয়তা পেয়েছিল।


এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা কোন্‌ জায়গাটির কথা বলছি— বাঘাযতীন পার্ক। সংক্ষেপে বিজেপি। শিলিগুড়ির জেন-‌জিদের কাছে বাঘাযতীন পার্ক বিজেপি হিসেবেই পরিচিত ও বিখ্যাত। মাঝে শিলিগুড়ির ‘‌টক টু মেয়র’‌ অনুষ্ঠানে কেউ প্রশ্ন করে বিজেপি নাম ব্যবহার নিয়ে কিছু বক্তব্য পেশ করেন। কেন বিজেপি নামে ডাকা হবে, তাই নিয়ে সওয়াল করেন। মেয়র গৌতম দেব উত্তরে জানিয়েছিলেন বিষয়টি নিয়ে ভাববেন। পরে বাঘাযতীন পার্কের পরিবর্তে নাম ‘‌বাঘাযতীন উদ্যান’‌ করা নিয়ে আলোচনা হয়। যাতে সংক্ষেপে বিজেইউ হয়ে যায়। কিন্তু বিষয়টি বিতর্কিত হয়ে পরে। ফলে স্থগিত হয়ে যায়।
এবার বিজেপি ক্ষমতায় আসতেই এদিন জানিয়ে দেওয়া হয়, সেই বিজেপি (‌বাঘাযতীন পার্ক)‌ থেকেই বিজেপি’‌র (‌ভারতীয় জনতা পার্টি)‌ বিজয় মিছিল শুরু করা হবে ১১ মে বিকেল ৩টায়।

Leave the first comment