দুরন্ত প্রতিবেদন
আজ অথবা কাল শিলিগুড়িতে ঢুকবে সিংহ। বনের রাজা। ত্রিপুরা থেকে সড়কপথে আসছে পশুরাজ। রবিবার অসমের গুয়াহাটিতে পৌঁছেছে। সোমবার অথবা মঙ্গলবারেই শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে পৌঁছে যাবে। এই পার্কে বাঘ, ভালুক, গণ্ডার, হাতি থেকে হরিণ সবই আছে। অভাব ছিল শুধু ‘বনের রাজা’র। এবারে সেই অভাবও মিটতে চলেছে। ইতিমধ্যে ত্রিপুরার সিপাহিজলা চিড়িয়াখানা থেকে পশুরাজ সড়কপথে রওনা হয়ে বেঙ্গল সাফারির দিকে আসছে। যদিও সিংহ পৌঁছলেই পর্যটকরা তা দেখার সুযোগ পাবেন না। কারণ অন্তত ১ মাস কোয়ারিন্টেনে রাখা হবে। সিংহের শারীরিক পরিস্থিতি দেখার পর এবং নতুন পরিবেশ মানিয়ে নেওয়া শুরু করলে তবে পর্যটকদের জন্য বাইরে ছেড়ে দেওয়া হবে। এবং ধীরে ধীরে চালু হবে ‘লায়ন সাফারি’। রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরি জানান,‘খুব সাবধানে সড়কপথে নিয়ে আসা হচ্ছে। পুরোপুরি জু অথরিটির নিয়ম মেনে সিংহ নিয়ে আসা হচ্ছে। এদিন অসমের গুয়াহাটিতে পৌঁছেছে। আশা করছি সোম মঙ্গলবারের মধ্যে পৌঁছে যাবে।’
প্রাণী বিনিময় চূক্তির মাধ্যমে ত্রিপুরায় বেঙ্গল সাফারি থেকে পাঠানো হয়েছে দুটি রয়্যাল বেঙ্গল টাইগার। বিনিময়ে সিপাহিজলা থেকে আসছে সিংহ।
প্রাণী বিনিময় চূক্তির মাধ্যমে ত্রিপুরায় বেঙ্গল সাফারি থেকে পাঠানো হয়েছে দুটি রয়্যাল বেঙ্গল টাইগার। বিনিময়ে সিপাহিজলা থেকে আসছে সিংহ।
বেঙ্গল সাফারি পার্কের রয়্যাল দম্পতি শিলা ও বিভানের দুই শাবককে ত্রিপুরায় ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে সিংহ ওখান থেকে পাঠানোর কথা ছিল। কিন্তু চিড়িয়াখানা থেকে সিংহ আর ধরে গাড়িতে তুলতে পারছিল না চিড়িয়াখানা কর্তৃপক্ষ। কোনওমতে ধরা দিচ্ছিল না সিংহ। শেষমেষ বৃহস্পতিবার ধরা পড়ে। শুক্রবার সকালেই ত্রিপুরা থেকে রওনা দেয় সিংহকে নিয়ে। জানা যাচ্ছে, সুদীর্ঘ ১২ বছর পর প্রাণী বিনিময় কর্মসূচির মাধ্যমে বাংলা থেকে রয়্যাল বেঙ্গল টাইগার পাঠানো হয়েছে এবার।












