রাজনীতি

গোর্খাল্যান্ড-‌জিগির কাজ করল না, হেরে ভূত পাহাড়ের দুই বিদ্রোহী নেতা বিষ্ণু ও বন্দনা‌

জুন 4, 2024

দুরন্ত প্রতিবেদন :‌ গোর্খাল্যান্ডের জিগির তুলে ভোট পাবার দিন কী তবে শেষ হল?‌ দার্জিলিং লোকসভা কেন্দ্রের ভোটের ফলাফল অন্তত সেই কথাই বলছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ ছিল, এরা পাহাড়ের রাজনৈতিক সমাধান করতে পারবে না। তিনবার জিতেও প্রতিশ্রুতি রক্ষা করেনি। এবারে বিজেপি প্রার্থী রাজু বিস্তাও একবারের জন্য কোথাও বলেননি, তিনি গোর্খাল্যান্ড এনে দেবেন। তারপরেও তিনি বিপুল ভোটে এবারেও জয়ী হলেন দার্জিলিং আসনে। অথচ বিজেপির কার্শিয়াঙের বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা দলের দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে নিজেই প্রার্থী হন। এবং বি পি শর্মার মূল দাবিই ছিল আলাদা গোর্খাল্যান্ড। অন্যদিকে বিমল গুরুং বিজেপির সঙ্গে হাত মেলানোয় বিদ্রোহী হয়ে ওঠেন গুরুং ঘনিষ্ট বন্দনা রাই। তিনিও দার্জিলিং কেন্দ্রে প্রার্থী হয়ে লড়াই করেন। তারও মূল দাবি গোর্খাল্যান্ড। কিন্তু এদিন সন্ধ্যা পর্যন্ত যতটুকু ফলাফল পাওয়া গেছে, তাতে এই দুই প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বিষ্ণু ও বন্দনা‌ নোটার থেকেও কম ভোট পেয়েছেন

তারচেয়েও উল্লেখযোগ্য বিষয় হল, এই দুই প্রার্থী নোটার থেকেও কম ভোট পেয়েছেন। দার্জিলিং কেন্দ্রে এখনও পর্যন্ত নোটায় ভোট পড়েছে ১৭,৫৯৬। সেখানে বন্দনা রাই ভোট পেয়েছেন ১৩০৪৮টি ও বিষ্ণু প্রসাদ ভোট পেয়েছেন ৭২৫৪টি। ফলে গোর্খাল্যান্ডের জিগির তুললেই যে পাহাড়ের মানুষ চোখ বন্ধ করে ভোট দেবেন, সেই দিন এখন অতীত।

Leave the first comment