Opens in a new tab

দেশ-‌দুনিয়া, শিলিগুড়ি

সাংবাদিকের ওপর হামলা, পাল্টা প্রতিবাদ

সেপ্টেম্বর 30, 2026

দুরন্ত প্রতিবেদন :‌ সোমবার শিলিগুড়ি নয়াবাজারে চালের আড়তে পুলিশের হানা চলে। অভিযোগ সেখানে নামী ব্র‌্যান্ডের চালের বদলে নিম্ন মানের চাল মিশিয়ে নতুন করে প্যাকেট করা হচ্ছিল। এবং সেই চাল শহরজুড়ে সরবরাহ করা হচ্ছিল। পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান চলাকালীন সেখানে পৌঁছে যায় ‘‌শিলিগুড়ি টাইমস’‌ নিউজ পোর্টালের দুই সাংবাদিক। ভিডিও করতেই আড়ত থেকে বেরিয়ে আড়ত মালিকের ছেলে সাংবাদিকের মোবাইল কেড়ে নেন। এরপর দোকান মালিক বোতল ছুঁড়ে সাংবাদিকের ওপর হামলা চালানো শুরু করেন। এই ঘটনা যখন চলছে, তখন সেখানে পুলিশের আধিকারিক থেকে পুরো বাহিনী হাজির। এত পুলিশের সামনে কীভাবে কর্তব্যরত সাংবাদিকের ওপর হামলার সাহস পান এই সব ভঁুইফোড় ব্যবসায়ী !‌

এখানেই থেমে ছিল না। ঘটনার খবর অন্য সাংবাদিকরা পেয়ে সেখানে পৌঁছালে, তাঁদের ওপরও হামলা চলে বলে অভিযোগ। ফলে বিষয়টি বড় আকার নেয়। অন্যায় ভাবে ব্যবসা চালানো কিছু মানুষ কীভাবে এত স্পর্ধা দেখাতে পারে, সেসব নিয়ে ক্ষিপ্ত নতুন প্রজন্মের সাংবাদিকরা রাতেই থানার সামনে অবস্থানে বসে পড়ে। মুহূর্তে সেই ধর্নার খবর গোটা বাংলায় ছড়িয়ে পড়ে। পুলিশের ওপর চাপ আসতে শুরু করে। বেগতিক বুঝে পুলিশ হামলাকারী ব্যবসায়ী সেই ‘‌বাপ-‌ব্যাটা’কে পাকড়াও করে হাজতে ঢুকিয়ে দেয়। মঙ্গলবার তাঁদের আদালতে তোলার পর বোঝা যায়, অভিযুক্তরা কিছুটা টের পেতে শুরু করেছেন, কারও ওপর চাইলেই হামলা চালানো যায় না। বিশেষ করে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর। আদালতে জামিন চাইলেও খারিজ হয়ে যায়। বরং ৩দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এটা অবশ্যই একটি ইতিবাচক দিক।


তবে হামলার এই ঘটনা কিন্তু বিক্ষিপ্ত কিছু নয়। বরং গোটা দেশজুড়ে সাংবাদিকদের ওপরে ‌ধারাবাহিক এই হামলা চলছে। চলতি মাসেই বেশকিছু ঘটনা সামনে এসেছে—

অসম— অসমের নগাঁও জেলার সামাগুড়িতে কংগ্রেস ও বিজেপির সমর্থকদের মধ্যে একটি রাজনৈতিক সংঘর্ষ হয়। সেই খবর সংগ্রহ করতে যান সাংবাদিক ভাস্কর দাস এবং গুলজার হুসেন। সেখানেই হামলা চালানো হয় দুই সাংবাদিকের ওপর। এই হামলার বিষয়ে খোঁজ নিতে গিয়ে দেখা যায় প্রাগ নিউজ (Prag News) এর সাংবাদিক গুলজার হুসেন এবং ভাস্কর দাসের ওপর হামলার ঘটনায় জড়িয়ে ছিলেন কর্তব্যরত সিআরপিএফও। শিলিগুড়িতে যেমন পুলিশের সামনেই গোটা ঘটনাটি ঘটল। স্বাভাবিকভাবেই অসমের ওই ঘটনায় সেখানকার সাংবাদিকরা ঘটনার তীব্র নিন্দা জানান এবং প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। পরবর্তীতে কলিয়াবরের পুলিশ সুপার ঘটনাস্থলে এসে সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করার পর সাংবাদিকরা অবরোধ প্রত্যাহার করেন। এরপরে যেটা হয়, তা হল গৌরব গগৈ এবং ভূপেশ বাঘেলসহ শীর্ষ কংগ্রেস নেতারা নগাঁও সদর থানায় একটি এফআইআর (FIR) দায়ের করেন অভিযুক্তদের বিরুদ্ধে।

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদ অবস্থান। শিলিগুড়িতে

দিল্লী— দিল্লিতে একটি হাইপ্রোফাইল অনুষ্ঠান ছিল। সেখানে হাজির ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দিল্লির মু্খ্যমন্ত্রী রেখা গুপ্তা। সেই অনুষ্ঠান কভার করতে গেলে পুলিশ এই দুই কর্মরত সাংবাদিককে আটক করে সাকেত থানায় নিয়ে যায়। শুধু তাই নয়, থানা ঘরের ভেতরে দুই কর্মরত নারী সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার, গ্রেপ্তার এবং শারীরিক নির্যাতন চালায় বলেও অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে। নিগৃহীতা দুই সাংবাদিকের নাম নাসিফা খান ও শাহিন খান। ‘ফোর পিএম’ ডিজিটাল নিউজ চ্যানেলের সাংবাদিক। ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়ন তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, থানার ভেতরে স্টেশন হাউস অফিসার (এসএইচও) এবং সাধারণ পোশাকে থাকা কয়েকজন নারী পুলিশ কর্মী ওই সাংবাদিকদের ওপর শারীরিক নির্যাতন চালান, তাদের লাঠি দিয়ে মারধর করেন এবং চড় মারেন। ইউনিয়ন মন্তব্য করেছে যে, সংবাদমাধ্যমের কর্মীদের বিরুদ্ধে দিল্লি পুলিশের এই ধরনের স্বেচ্ছাচারী আচরণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা সংবাদপত্রের স্বাধীনতার জন্য এক মারাত্মক হুমকি। ‘৪পিএম’ চ্যানেলের ওপর প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে বলেও মনে করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থার দাবি পুনর্ব্যক্ত করেছে ইউনিয়নটি।

সাংবাদিকের ওপর হামলায় পথে ডিওয়াইএফআই

অন্ধ্রপ্রদেশ— অন্ধ্রের এই ঘটনাটি অবশ্য এপ্রিলের। এই ঘটনাটি উল্লেখ করার কারণ, এটি নিছক নিগ্রহের ঘটনা নয়। একেবারে হত্যার ঘটনা। গণতন্ত্রকে সরাসরি খুন !‌ অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার ভেঙ্কটগিরি কোটায় ‘‌অন্ধ্র জ্যোতি’‌ সংবাদপত্রের বরিষ্ঠ সাংবাদিক জগন মোহন রেড্ডিকে ২৮ এপ্রিল ভোরে নৃশংসভাবে খুন করা হয়। প্রাতঃভ্রমণে বের হলে এই ভয়াবহ ঘটনাটি ঘটে। দুষ্কৃতকারীরা ছুরি দিয়ে জগন মোহন রেড্ডির ওপর হামলা চালায় এবং ওই সাংবাদিক ঘটনাস্থলেই প্রাণ হারান। ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়ন এক বিবৃতিতে উল্লেখ করেছে যে, জগন মোহন রেড্ডি সম্প্রতি চিত্তুর জেলায় চন্দন মাফিয়াদের নিয়ে বেশ কিছু বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছিলেন। সম্ভবত সেটাই ছিল দুস্কৃতীদের ক্ষোভের কারণ। তাই বলে খুন !‌ আইজেইউ এই হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ঘটনার নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের পাশাপাশি প্রত্যক্ষ হামলাকারী ও পেছনের মূল পরিকল্পনাকারী—উভয় পক্ষকেই অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। পাশাপাশি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে সাংবাদিকদের সুরক্ষায় পৃথক আইন প্রণয়ন করার জন্য অন্ধ্রপ্রদেশ সরকারের কাছে জোর দাবি জানিয়েছে আইজেইউ।

সাংবাদিকের ওপর হামলার জেরে এফআইআর শিলিগুড়িতে

মেঘালয়— মেঘালয়ের ঘটনাটি একেবারে বিধানসভা অধিবেশনে। অধিবেশন চলাকালীন এক বিধায়কের ঘুমিয়ে থাকার ছবি তোলায় মেঘালয় বিধানসভা চত্বরে এক চিত্রসাংবাদিককে মারধর করেন সেখানকার এক কংগ্রেস বিধায়ক। প্রহৃত সাংবাদিকের নাম ওয়ালটন লিটান। গুয়াহাটিভিত্তিক একটি ফটো এজেন্সির চিত্রসাংবাদিক। ওই ছবি তুলে সংবাদপত্রে ছেপেও দিয়েছিলেন। এরপর ওয়ালটন লিটানকে বিধানসভার ভেতরে আটকান কংগ্রেস বিধায়ক স্ট্রং কাজি। এরপর মারধর করেন। চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে সাংবাদিককে শিলং সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে শিলং প্রেস ক্লাব (এসপিসি) ওই কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে এবং স্পিকার চার্লস পিংরোপ ও মুখ্যমন্ত্রী মুকুল সাংমার কাছে উপযুক্ত ব্যবস্থার দাবি জানিয়েছে।
এসপিসি-র সদস্যরা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন যে, এটি কেবল ওই চিত্রসাংবাদিকের ওপর আক্রমণ নয়, বরং সমগ্র সাংবাদিক সমাজ এবং সংবাদপত্রের স্বাধীনতার ওপর হামলা। একটি জরুরি সভায় সদস্যরা এই সিদ্ধান্তও নেন যে, প্রতিবাদের প্রতীক হিসেবে চলমান বাজেট অধিবেশন কভার করা সমস্ত সাংবাদিক কালো ব্যাজ পরে কাজ করবেন।
এদিকে, এনসিপি-র বিরোধী দলনেতা কনরাড সাংমা এই হামলার নিন্দা জানিয়ে বলেন, মেঘালয়ের ইতিহাসে এই ধরনের ঘটনা আগে দেখা যায়নি। সাংমা বলেন, “বিধানসভার ভেতরে কারও ওপর শারীরিক হামলা চালানো একজন বিধায়কের চরম অনুচিত আচরণ। বিরোধী দলের পক্ষ থেকে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং স্পিকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।”

এভাবে ধারাবাহিক হামলার ঘটনা যেমন ঘটছে, তেমনি সাংবাদিকরা সর্বত্র জোরালো প্রতিবাদ করে ভারতীয় সংবিধানকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করেও চলেছেন। কিন্তু প্রয়োজন সরকারের সদিচ্ছা। গণতন্ত্রকে বাঁচাতে হলে যে সংবাদমাধ্যমকে বাঁচাতে হবে, সেই দায়িত্ববোধ কেন্দ্রের সরকারকেও নিতে হবে।

Leave the first comment