দুরন্ত প্রতিবেদন: বিশ্ব বিখ্যাত চিত্রশিল্পী ভ্যান গঘের কথা নিশ্চয়ই সবার জানা। এই শিল্পীর জীবদ্দশায় কেবলমাত্র একটি ছবি বিক্রি করতে পেরেছিলেন, কিন্তু তাঁর শিল্পের প্রতি লালিত প্রেম বা ‘Lust’ কখনো কমেনি। এক অনিশ্চিত জীবন ও গভীর যন্ত্রণা বুকে নিয়ে আজীবন শিল্প নির্মাণ করে গেছেন তিনি। এই শিল্পীর ট্র্যাজিক জীবন নিয়েই তৈরি হয় অসাধারণ একটি আর্ট মুভি–‘লাস্ট ফর লাইফ’। পরিচালক পার্সিভাল শেরম্যান। চলচ্চিত্রটিতে ভ্যান গঘের ভূমিকায় অভিনয় করেছেন কার্ক ডগলাস (Kirk Douglas) এবং তাঁর পরম বন্ধু ও চিত্রশিল্পী পল গোগাঁ-এর চরিত্রে অভিনয় করেছেন অ্যান্থনি কুইন (Anthony Quinn)। এই চলচ্চিত্রে পরিচালক ভ্যান গঘকে শুধুই এক ‘পাগল শিল্পী’ হিসেবে দেখাননি, বরং তাঁর প্রতিভাকে সম্মান জানিয়ে তাঁর ভেতরের মানবিক টানাপোড়েনকে তুলে ধরেছেন। যা না দেখলে অনেক কিছুই অধরা থাকবে।

সিনেমাটি শুরু হয় ভ্যান গঘের প্রাথমিক জীবনের অনিশ্চয়তা ও ধর্মপ্রচারক হিসেবে কাজ করার ব্যর্থ চেষ্টা দিয়ে। পরবর্তীতে চিত্রকলার প্রতি তাঁর গভীর অনুরাগের জন্ম হয়। সমাজ-সংসারের অবহেলা, চরম দারিদ্র্য এবং মানসিক অস্থিরতার মাঝেও তিনি ক্যানভাসে রঙের পর রং ছড়িয়ে দিতে থাকেন। তাঁর ভাই থিও (Theo van Gogh)-এর আর্থিক ও মানসিক সহায়তায় ভ্যান গঘ দক্ষিণ ফ্রান্সের আরলেসে (Arles) যান, যেখানে চিত্রশিল্পী পল গোগাঁ তাঁর সাথে যোগ দেন। কিন্তু তাঁদের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও ভ্যান গঘের ক্রমবর্ধমান মানসিক বিপর্যয় সৃষ্টি করে এক চরম ট্র্যাজেডি। ভ্যান গঘের ভেতরের যন্ত্রণা, শিল্পের প্রতি তীব্র উন্মাদনা এবং মানসিক ভারসাম্যহীনতাকে স্ক্রিনে অত্যন্ত বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলেছেন কার্ক ডগলাস। তাঁর এই পারফর্ম্যান্স সর্বকালের সেরা আত্মজীবনীমূলক অভিনয়ের একটি হিসেবে বিবেচিত। পল গোগাঁ চরিত্রে অ্যান্থনি কুইন ছিলেন এককথায় অসাধারণ। মাত্র আট মিনিটের উপস্থিতিতেই তিনি এমন অভিনয় পরিবেশন করেন যে তার জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে অস্কার লাভ করেন। ছবিটি টেকনিক্যাল দিক থেকেও অত্যন্ত সমৃদ্ধ। মেট্রো কালার ও সিনেমাটোগ্রাফির মাধ্যমে ভ্যান গঘের আসল পেইন্টিংগুলোর আলো ও রঙের আবহ ছবিতে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ‘লাস্ট ফর লাইফ’ তাই কেবল একজন শিল্পীর জীবনী নয়, এটি শিল্পসৃষ্টির ভেতরের যন্ত্রণার গল্প। যা শুধু একজন সিনেমাপ্রেমী নয়, বরং বিভিন্ন ক্ষেত্রের শিল্পীদের দেখা উচিৎ।

শিলিগুড়ি নেতাজি মোড় অর্থ্যাৎ হাতি মোড়ের ‘কাপ অফ আর্ট: ক্যাফে’তে দু‘দিন ধরে চলবে আর্ট মুভি ফেস্টিভাল। ২৮ ও ২৯ অক্টোবর। আয়োজক ‘শিলিগুড়ি বিগ আই আর্ট ফাউন্ডেশন’। দু’দিনের মুভি ফেস্টিভালে সার্বিক সহযোগিতায় থাকছে সাতদিন.in ও মিইভেন্ট। দেখানো হবে অন্তত ৪টি আর্ট মুভি। শিলিগুড়ি শহরে কোনও একটি ক্যাফেতে চলচ্চিত্র উৎসব এই প্রথমবার হচ্ছে। আসন সংখ্যা তাই ভীষণ সীমিত। তবে গোটা উৎসবের খবর মানুষকে জানানোর ব্যবস্থা করছে ‘সাতদিন.in’।
এই দায়বদ্ধতার জায়গা থেকেই সিনেমাটি দেখানোর ব্যবস্থা করছে ‘শিলিগুড়ি বিগ আই আর্ট ফাউন্ডেশন’। আর সিনেমা দেখানোর জন্য শুভ্রনীল দত্ত শিলিগুড়ি হাতিমোড়ে অবস্থিত নিজের ক্যাফে ‘কাপ অফ আর্ট : ক্যাফে’ ছেড়ে দিচ্ছেন দুইদিনের জন্য। সঙ্গে থাকছে ‘সাতদিন.in’ ও ‘মিইভেন্ট’।
বিগ আই আর্ট ফাউন্ডেশনের কর্ণধার দীপায়ন ঘোষ জানান,‘মাঝে মাঝে মনে হয় আমরা শিলিগুড়ি আছি কিন্তু পৃথিবী থেকে যোজন দূরে। কত যে চর্চার বিষয় রয়েছে অথচ সেসব নিয়ে চর্চা নেই। কিন্তু সেই আলোচনা, গভীর পড়াশুনা, শিল্পের প্রতি দায়বদ্ধতা আজকের সময়ে ভীষণ জরুরী। এমন বহুবিধ দায়বদ্ধতার তাগিদে নানা কর্মযজ্ঞ আমরা করছি নিজেদের সাধ্যের মধ্যে দাঁড়িয়ে। দুদিনের আর্ট মুভি ফেস্টিভালও তেমনি একটি কাজ। শিলিগুড়ির নতুন প্রজন্মকে প্রয়োজনীয় কিছু জানানোর পাশাপাশি পুরনোদেরও আমরা পাশে চাইছি এই চর্চার পরিবেশ বিস্তৃত করতে।’ ‘লাস্ট ফর লাইফ’ এর মতো বিশ্ববিখ্যাত আরও বেশ কয়েকটি মুভি রয়েছে তালিকায়। যতদূর জানা যাচ্ছে, একটি ক্যাফের মধ্যে মুভি ফেস্টিভ্যাল ইতিপূর্বে কখনও হয়নি শিলিগুড়িতে। এবারই প্রথম। এটাও একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।












