দুরন্ত প্রতিবেদন
ছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। মাথা উঁচু করে দুর্নীতির বিরুদ্ধে রায় দিয়েছেন। শনিবার সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মাথা নত করে নরেন্দ্র মোদির দুই হাত নিয়ে নিজের কপালে ঠেকালেন। পরিবর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাত মিলিয়ে সাবাসি দিলেন প্রাক্তন বিচারপতিকে। শনিবার কাওয়াখালিতে বিজেপির রাজনৈতিক মঞ্চের এই দৃশ্যপট কেমন যেন উদ্বেলিত করতে পারেনি উপস্থিত জনতাকে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে বিজেপি দলে যোগ দেন। ঘটনাক্রমে শনিবারেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা ছিল কাওয়াখালিতে। সেখানে আমন্ত্রণও পান অভিজিৎবাবু। জীবনের প্রথম কোনও জনসভা মঞ্চে থাকবেন বলে সাততাড়াতাড়ি ছুটে আসেন কলকাতা থেকে। বাগডোগরা বিমানবন্দরে নেমেই রাজ্যের শাসকদলকে তোপ দাগা শুরু করেন। বিকেলে মোদির মঞ্চেই জীবনের প্রথম রাজনৈতিক ভাষণ দেন অভিজিৎ বাবু। বক্তব্যে ঝাঁঝ না থাকলেও অভিজিৎ বাবু চেষ্টা করেন শাসক দলকে আক্রমণ করতে। এদিন মোদির মঞ্চে আসার জন্য নতুন সাজে হাজির হয়েছিলেন। পাজামা-পাঞ্জাবির উপরে মোদি জ্যাকেট পরে নত মস্তকে নিজেকে মেলে ধরেন।












