Opens in a new tab

শিলিগুড়ি, সাতরঙ

বইয়ের জন্য অকাল পদযাত্রায় ৩২ সংগঠন

অক্টোবর 24, 2026

দুরন্ত প্রতিবেদন :‌ এই মুহূর্তে বইমেলা নেই কোথাও। তবুও বইয়ের জন্য হাঁটবেন শিলিগুড়ির মানুষ। শনিবার শিলিগুড়ির রাজপথ থেকে স্লোগান উঠবে,‘‌বই পড়ো, বই কেনো, বাংলার ইতিহ্য বাঁচাও’। আর এই পদযাত্রায় অংশ নেবে শিলিগুড়ির ৩২টি সংগঠন। কেন এই অকালে বইয়ের জন্য হাঁটা ?‌ এক পেছনেও রয়েছে রাজ্য রাজনীতি। পুজোয় বামেদের বুকস্টলে হামলা, ভাঙচুরের পরেও গোটা রাজ্যে কোটি টাকার বই বিক্রি হয়েছে। শিলিগুড়িতেই বিক্রি হয়েছে ৩ লক্ষাধিক টাকার বই। বাম নেতারা জানিয়েছেন, যারা বইয়ের স্টল ভেঙেছে, তাঁদের জবাব দিতেই বাংলার সাধারণ মানুষ প্রতিবাদ স্বরূপ বই কিনেছেন। আর সেই মানুষদের আবেগকে মর্যাদা দিতে এবারে রাজপথে নামছেন বামপন্থীরা। মূল উদ্যোক্তা সিপিআইএম। এদিন দার্জিলিং জেলা সিপিএম নেতা নুরুল ইসলাম, দিলীপ সিং-‌রা জানান,‘‌শহরের সমস্ত বামপন্থী সংগঠন যেমন আমাদের সঙ্গে পায়ে পা মেলাবেন, তেমনি বেশকিছু সাংস্কৃতিক সংগঠনও যোগ দেবেন আমাদের পদযাত্রায়। আর এই মিছিলের অন্যতম কারণ বাংলায় বইয়ের ওপরে শুরু হওয়া আক্রমণের বিরুদ্ধে আওয়াজ তোলা।‌ বইবিরোধীদের কোণঠাসা করা। মোট ৩২টি সংগঠন বইয়ের জন্য হাঁটবে।’‌


উল্লেখ্য, বিগত বছর দুর্গাপূজায় শিলিগুড়িতে মোট ১৫টি বুকস্টল দিয়েছিল সিপিএম। বই বিক্রি হয়েছিল ১ লক্ষ টাকার। এবারে ২০টি স্টল হয়েছে। বই বিক্রি হয়েছে ৩ লক্ষাধিক টাকার। নুরুল ইসলাম জানান,‘‌পুজোর আগে আমাদের স্টলগুলির ওপর হামলা চলেছে রাজ্যজুড়ে। শিলিগুড়িতেও দুইটি স্টলের ওপর সেই হামলার চেষ্টা চলেছে। ফতোয়া দিতে এসেছে। কিন্তু আমরা রুখে দিয়েছি। বইয়ের স্টলে হামলা যারা করছে, তাঁদের আরও পরিষ্কার বার্তা দিতেই শনিবার বিকেল ৪টায় শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে পদযাত্রা শুরু হবে। শেষ হবে এয়ারভিউ মোড়ে।’‌


তাঁদের দাবি বই, শিক্ষা, সংস্কৃতির ওপর আক্রমণ নেমে আসা মানে বাংলার ঐতিহ্যের ওপর হামলা, সেসব আমরা বরদাস্ত করব না।
প্রসঙ্গত, বাঙালি বইকে মর্যাদা করতে জানে। বইমেলা এই বাংলায় একটা মহোৎসবের মতো। প্রতি বছর হাজার হাজার বই প্রকাশ হয়। বিক্রি হয় কোটি কোটি টাকার।সেই বাংলায় বইয়ের স্টল ভাঙার পর বইয়ের জন্য রাস্তায় নামা প্রত্যাশিত। কিন্তু বিষয়টি শাসকদলের কাছে অস্বস্তির। যে কারণে এদিন পুলিশের তরফে বামেদের কাছে বারেবারে ফোন গেছে পদযাত্রা বন্ধ করতে। কিন্তু বামেরা অবিচল। শনিবার বিকেলে বইয়ের জন্য হাঁটছেন শিলিগুড়ির মানুষ।

Leave the first comment