খবরাখবর

বহুতল নির্মাণের আগেই বর্জ্য ব্যবস্থাপনা আবশ্যক শহরতলিতেও বিল্ডিং প্ল্যানে রাশ চায় মহকুমা পরিষদ

সেপ্টেম্বর 23, 2023

নগরায়নের ক্ষেত্রে এখন সবচেয়ে বড় মাথাব্যাথার কারণ হয়ে উঠছে ডাম্পিং গ্রাউন্ড। নতুন নতুন টাউনশিপ হচ্ছে বটে। তবে সেখানকার আবাসিকদের রোজকার জঞ্জালের কী হবে– এই কথা এখনও কেউ ভাবছে না সেভাবে। যার মাশুল গুনতে হচ্ছে মহকুমা পরিষদকে। জঞ্জাল ফেলার জায়গা খুঁজতে গিয়ে কালঘাম ছুটছে। জায়গা পেলেও সেখানে মানুষ নোংরা ফেলতে বাঁধা দিচ্ছেন। এই পরিস্থিতিতে শিলিগুড়ি মহকুমা পরিষদ চাইছে গ্রামীণ এলাকায় হাউসিং কমপ্লেক্স কিংবা কোনও টাউনশিপের পরিকল্পনা করার আগে নির্মাণ সংস্থাকে পরিবেশের কথা ভাবতে হবে। নবনির্মিত কমপ্লেক্সে তৈরি হওয়া জঞ্জালের ব্যবস্থাপনা নিজেদেরকেই করতে হবে। কিছুই না ভাবলে বিল্ডিং প্ল্যানই দেওয়া হবে না। এরজন্য প্রশাসন থেকে এসজেডিএ, সমস্ত স্তরে কথা বলতে চান সভাধপতি অরুণ ঘোষ।

মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ জানান,‘‌শিলিগুড়ি শহর লাগোয়া এলাকায় নতুন নতুন নির্মাণকাজ হলেও অনেকেই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কিছুই ভাবছে না। আমরা প্রস্তাব নিয়েছি কোনও টাউনশিপ কিংবা আবাসন প্রকল্পগুলিতে নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা না করলে বিল্ডিং প্ল্যানই পাশ করা হবে না।’‌ এর বাইরেও নতুন নতুন বিধিনিষেধ আরোপ করার কথা ভাবছে মহকুমা পরিষদ। সভাধিপতি জানান, আগামী প্রজন্ম যাতে শিলিগুড়িতে বসবাস করতে পারে, সে কথা না ভাবলে সমূহ বিপদ হবে। আমরা তাই বিষয়টি নিয়ে মানুষকে যেমন সচেতন করতে চাই, তেমনি প্রশাসনিক ভাবেও কড়াকড়ি সিদ্ধান্তের কথা ভাবছি।

উল্লেখ্য, পঞ্চায়েতে বিল্ডিং প্ল্যান নিয়ে কড়াকড়ি না থাকায় নিয়মের তোয়াক্কা করছে না কেউ। ফলে এমনভাবে নগরায়ন হয়ে চলেছে, যা আগামীতে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন করতে পারে। সেকারণেই বেপরোয়া নির্মাণে রাশ টানার পরিকল্পনা শিলিগুড়ি মহকুমা পরিষদের।

Leave the first comment