দেশ-‌দুনিয়া

দিল্লির আন্দোলনের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফা

জুলাই 24, 2026

দুরন্ত প্রতিবেদন :‌ সোনম ওয়াংচু অনশন তুলেছেন। কিন্তু দিল্লির আন্দোলন থামেনি। আর এই আবহে কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে ইস্তফা দিলেন রেল দপ্তরের রাষ্ট্রমন্ত্রী রভনীত সিং বিট্টু। শুক্রবার তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দেন। ইস্তফা সঙ্গে সঙ্গে গৃহীতও হয়েছে। রাষ্ট্রপতি ভবনের তরফে সেই খবর জানানোও হয়েছে। রভনীত সিং বিট্টু খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরেরও রাষ্ট্রমন্ত্রী ছিলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যখন সরগরম দিল্লি তখন এই পদত্যাগের খবর গোটা দেশে আলোড়ন ফেলে দেয়। যদিও পরে সামনে আসে রভনীত সিং বিট্টুর ইস্তফার সঙ্গে নিট সংক্রান্ত আন্দোলনের কোনও সম্পর্ক নেই।


রভনীত সিং বিট্টু রাজ্যসভার সাংসদ ছিলেন। সংবাদমাধ্যম সূত্রের খবর, জুনে তাঁর রাজ্যসভায় মেয়াদ শেষ হয়েছে। জল্পনা চলছে পাঞ্জাব বিজেপির গুরুত্বপূর্ণ পদে তাঁকে দেখা যেতে পারে। আবার পাঞ্জাবে বিধানসভা ভোটের লড়াইয়ে তাঁকে মুখও করতে পারে বিজেপি।‌

দিল্লির আন্দোলন নিয়ন্ত্রণে পুলিশ।

এদিকে নিট পরীক্ষার্থীদের আন্দোলনে কেন্দ্রের সরকার মোটেও স্বস্তিতে নেই। বৃহস্পতিবার রাতে আচমকা প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা সেকথাই প্রমাণ করে। সেখানে ফাস্ট ট্র্যাক আদালত গঠন করে প্রশ্ন ফাঁসে অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার জন্য যে খসড়া বিল তৈরির কথা বলা হয়, তাতে কেন্দ্রীয় মন্ত্রীসভা অনুমোদন দিয়েছে। সেখানে বলা হয়েছে, বিল আইনে পরিণত হলে প্রশ্নফাঁস কাণ্ডে দোষীদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সঙ্গে ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানাও করা হতে পারে। সূত্র মতে, পরীক্ষার দায়িত্বে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র ৪৭ জনকে অপসারণ করা হয়েছে। কয়েক জনের বিরুদ্ধে পদক্ষেপও করা হবে বলে জানা গেছে।

Leave the first comment