দুরন্ত প্রতিবেদন : হঠাৎ বদলে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাজানো গোছানো স্টুডিওতে জাতির উদ্দেশ্যে ভাষণ ছেড়ে আমজনতার ভিডিও বার্তায় নেমে এসেছেন। দিল্লির আন্দোলনের চাপে পড়ে রাতের বেলা আচমকা ভিডিও বার্তা পোস্ট করেন। প্রশ্নপত্র ফাঁস নিয়ে কঠোর সিদ্ধান্তের কথা জানান। কিন্তু ককরোচ জনতা পার্টি ওসবে গলতে রাজি নয়। তাঁদের পরিষ্কার বক্তব্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে আগামীতে আরও অনেক নেতামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হতে পারে। সেই পরিস্থিতি যাতে তৈরি না হয়। তার জন্য সরকারকে নরম হতেই হবে। জানিয়েছেন ককরোচ জনতা পার্টির অন্যতম প্রধান মুখপাত্র আশুতোষ রাঙ্কা।

এটা পরিষ্কার, বিগত ১২ বছরে বিজেপি সরকারকে কোনও আন্দোলনে এভাবে নরম হতে দেখা যায়নি। আন্দোলনের তীব্রতায় রাতের আচমকা প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা অনেক কিছু বুঝিয়ে দিয়েছে। তাই বলে বিজেপি সরকার চুপ করে বসে নেই। রাষ্ট্র্রযন্ত্রকে কাজে লাগিয়ে আন্দোলনকে দুরমুশ করার সমস্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ আন্দোলনকারীদের। কিন্তু তাঁরাও প্রস্তুত। সব পরিস্থিতির জন্যই নাকি তৈরি আছে ককরোচ।
ইতিমধ্যে আন্দোলনকারীদের প্রধান ৩টি দাবির মধ্যে থেকে ২টি দাবি প্রায় মেনেই নিয়েছে সরকার। তৃতীয় ও মূল দাবি শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে আজ ফের বৈঠক রয়েছে। তারপর কী হয়, সেটাই দেখার।












