দুরন্ত প্রতিবেদন: রাজনীতি আর মানুষের জন্য আজীবন কাজ করেছেন অশোক ভট্টাচার্য। সামলেছেন মন্ত্রীত্ব। ব্যস্ততার কারণে সময় দিতে পারেননি পরিবারকে। স্ত্রী রত্না ভট্টাচার্য তাতে আক্ষেপ করেননি, বরং অশোক ভট্টাচার্যকে পরিপূর্ণতা দিতে নিজস্ব চাওয়া পাওয়াকে ত্যাগ করেছেন অবলীলায়। সেই অশোক ভট্টাচার্যের যখন ফুরসৎ হল, তখন চিরদিনের জন্য হারিয়ে গেছেন রত্না। প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের কাছে এটা তাই চরম আক্ষেপের, নিদারুন দুঃখের। এ ব্যাথা উপশম হবার নয়। স্ত্রীকে তাই শুধু নিজের কাছে নয়, অনেকের মধ্যে বাঁচিয়ে রাখতে গঠন করেছেন ‘রত্না ভট্টাচার্য স্মৃতিরক্ষা সমিতি’। যার মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মহিলাদের এগিয়ে দেওয়ার কাজের পাশাপাশি নানান সামাজিক কর্মসূচি করা চলছে। এবারের দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতেও তার অন্যথা হচ্ছে না। স্ত্রীর স্মৃতিতে এবারে একক রবীন্দ্র সঙ্গীতের অনুষ্ঠানের পাশাপাশি রত্না স্মারক বক্তৃতারও আয়োজন থাকছে। অশোক-পত্নী রত্না স্মরণে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করতে সুদূর বাংলাদেশ থেকে আসছেন বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী শামা রহমান। ২৭ নভেম্বর। শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে রয়েছে তাঁর একক রবীন্দ্র সঙ্গীতের অনুষ্ঠান। বৃহস্পতিবার এই খবর অশোক ভট্টাচার্য নিজেই জানিয়েছেন। ২০২১ সালের ২৭ অক্টোবর প্রয়াত হয়েছিলেন রত্না ভট্টাচার্য। তারপর তাঁর স্মৃতি অমলিন রাখতে অশোক ভট্টাচার্য গঠন করেন ‘রত্না ভট্টাচার্য স্মৃতিরক্ষা সমিতি’। এই সমিতির মাধ্যমে রক্তদান থেকে মহিলা কৃতিদের উৎসাহিত করার কাজ করে চলেছেন তিনি। প্রতি বছর রত্না ভট্টাচার্য স্মারক বক্তৃতারও আয়োজন করা হয়। এবারের বক্তা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়। বক্তব্যের বিষয় : নারী নির্মাণ, মৃণাল সেন ও ঋত্বিক ঘটকের চলচ্চিত্র। বৃহস্পতিবারের সাংবাদিক সম্মেলনে অশোকবাবুর সঙ্গে ছিলেন সুজিত কুন্ডু ও সুব্রত সান্যাল।

অশোক ভট্টাচার্য ও রত্না ভট্টাচার্যের পুরনো ছবি












