দুরন্ত প্রতিবেদন : সেরার সম্মান পেল দার্জিলিঙের ‘দার্জিলিং পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক’। গোটা ভারতবর্ষের সমস্ত ক্যাটেগরির চিড়িয়াখানার মধ্যে র্যাঙ্কিংয়ে সবার ওপরে উঠে এসেছে দার্জিলিং চিড়িয়াখানা। জাতীয় চিড়িয়াখানা নিয়ামক সংস্থা ‘সেন্ট্রাল জু অথরিটি’ ২০২২ সাল থেকে র্যাঙ্কিং প্রথা চালু করে। এবং প্রথম বছরই দার্জিলিং চিড়িয়াখানা দেশের মধ্যে সেরার স্বীকৃতি পায়। এবারে ফের একইভাবে বাজিমাত করেছে। এবারেও দেশের সমস্ত চিড়িয়াখানার মধ্যে প্রথম হয়েছে। এবং এই খবর যথারীতি চিড়িয়াখানা কর্তৃপক্ষ নিজেদের সামাজিক মাধ্যমের পেজে গর্বের সঙ্গে ঘোষণাও করেছে।


জানা গেছে, সেন্ট্রাল জু অথরিটি বিভিন্ন বিভাগে চিড়িয়াখানাগুলিকে নম্বর প্রদান করে। সব মিলিয়ে একটি র্যাঙ্কিং লিস্ট তৈরি হয়। যেখানে দার্জিলিং চিড়িয়াখানা এবারে ৮৩ শতাংশ নম্বর তুলতে সক্ষম হয়েছে। অন্য কোনও চিড়িয়াখানা এত নম্বর তুলতে পারেনি। তামিলনাড়ুর আরিগনর জুওলজিক্যাল পার্ক ৮২ শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। কলকাতার আলিপুর চিড়িয়াখানা পেয়েছে ৭৮ শতাংশ নম্বর। নম্বর কিছুটা কম হলেও এরা সবাই ‘খুব ভাল’র তালিকায় আছে।
জানা গেছে, চিড়িয়াখানা কী ভাবে চলছে, সেখানে পর্যটকদের ভিড়, পরিকাঠামো, আবাসিক বন্যপ্রাণীদের প্রজননের পরিকাঠামোর মতো নানা বিষয়গুলির নিরিখে ‘র্যাঙ্কিং’ চালু করা হয়েছে। দার্জিলিঙের চিড়িয়াখানায় রেড পান্ডার কৃত্রিম প্রজননের জন্য বিখ্যাত। ১৯৮৬ সাল থেকে এই প্রজনন প্রক্রিয়া চালু রয়েছে। এ ছাড়াও তুষারচিতার (স্নো লেপার্ড) প্রজনন হয় ১৯৮৩ সাল থেকে।










