দুরন্ত প্রতিবেদন: ক্রিকেটে বিশ্বজয় করতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রিচাকে পুলিশের ডিএসপি করার আবেদন জানিয়েছিলেন। রিচা ঘোষ সেই সম্মান গ্রহন করেছেন। এদিন তিনি আনুষ্ঠানিকভাবে পুলিশ অফিসারের দায়িত্ব গ্রহন করলেন। পোস্টিং দেওয়া হয়েছে শিলিগুড়িতে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সহকারী কমিশনারের পদে বসবেন শিলিগুড়ির এই সোনার মেয়ে।

এদিন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করেন রীতিমত পুলিশের পোশাক পরেই। সঙ্গে রিচার মা ও বাবাও ছিলেন। দেখা করার পর রাজীব কুমারের সঙ্গে ছবিও তোলেন রিচা। পরে পশ্চিমবঙ্গ পুলিশ টুইট করে গোটা বিষয় জানিয়েছে। তাতে লেখা হয়েছে,‘ভারতের বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য রিচা ঘোষ ডিএসপি পদমর্যাদায় রাজ্য পুলিশে যোগ দিলেন। তাঁকে শিলিগুড়ি কমিশনারেটের সহকারী কমিশনার পদে নিযুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের পরিবারে রিচাকে স্বাগত।”
উল্লেখ্য, ভারতের মহিলা ক্রিকেট দল মুম্বইয়ের স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জেতে। তারপরেই পশ্চিমবঙ্গ সরকার রিচাকে পুলিশে চাকরির প্রস্তাব দেয়। ইডেনে সিএবির অনুষ্ঠানে রিচার হাতে নিয়োগপত্রও তুলে দেওয়া হয়। এবারে সরাসরি পুলিশে যোগ দিলেন।










