দুরন্ত প্রতিবেদন: সাংবাদিকের কাজ করছেন, অথচ সাংবাদিক স্বীকৃতি মিলছে না। অনেক জেলাতেই মূলধারার সাংবাদিকদের সহকর্মী হয়ে উঠতে পারছেন না। অথচ অনেক বড় বড় সাংবাদিক এইসব ডিজিটাল নিউজ চ্যানেল থেকেই খবরের ক্লু খুঁজে নিচ্ছেন। এখানেই শেষ নয়, সাংবাদিক হবার স্বপ্ন নিয়ে অনেকেই নিউজ পোর্টাল খুললেও বিজ্ঞাপনের অভাবে কিছুদিনেই সমস্ত বন্ধ করে দিতে হচ্ছে। কষ্ট করে চ্যানেল চালিয়ে গেলেও ওই অসংগঠিত সংবাদকর্মীর স্বাস্থ্য নিরাপত্তা থেকে কিছুই থাকছে না। অন্যদিকে একশ্রেণির অসাধু ব্যক্তি নিউজ পোর্টালের নামে অনৈতিকভাবে অর্থ তুলে সাংবাদিকতার সম্মানীয় পেশাকে কলঙ্কিত করছেন। এসব সমস্যা মেটাতেই পশ্চিমবঙ্গে এগিয়ে এল ‘ওয়েষ্ট বেঙ্গল মিডিয়া ফোরাম’। সরকারের সঙ্গে সহমতের ভিত্তিতে ডিজিটাল মিডিয়ার সাংবাদ কর্মীদের স্বীকৃতি পাইয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চান তাঁরা। মিডিয়া ফোরাম গঠনের মূল কান্ডারী মলয় পিঠ জানান,‘একতাই বল। এই কথা এবার অসংগঠিত ক্ষেত্রের সাংবাদিকদের মনে করতে হবে। নিজেরা ঐক্যবদ্ধ হতে হবে। একজোট হলেই সরকার এগিয়ে আসবে সমস্যা শুনতে। আমরা তখন সহমতের ভিত্তিতে সকলের স্বীকৃতি আদায় করে নেব।’
সাংবাদিকদের স্বাস্থ্যপরিষেবা, প্রশিক্ষণ ও ন্যূনতম পারিশ্রমিক পাইয়ে দিতে লড়বে এই মিডিয়া ফোরাম
আর এই কাজে এগিয়ে যেতে আগামী রবিবার ৮ ডিসেম্বর উত্তরবঙ্গের শিলিগুড়ি শহরের কাছেই বসতে চলেছে বিশাল সম্মেলন। যেখানে মূলত উত্তরবঙ্গের ৮ জেলার সাংবাদিকরা থাকবেন। সেইসঙ্গে রাজ্যের বাকি জেলা থেকেও আসবেন সাংবাদিকরা। তৈরি হবে মিডিয়া ফোরামের উত্তরবঙ্গ জোন। এই সম্মেলন থেকেই চালু হবে মিডিয়া ফোরামের নিউজ অ্যাপ প্লাটফর্ম। যেখানে বিনা খরচে ছোট ছোট নিউজ চ্যানেলের মালিকরা খবর আপলোড করতে পারবেন। তাতে যে ভিউয়ার বাড়বে, সেটা ওই চ্যানেলেরই হবে। ফলে গ্রামগঞ্জের পোর্টালগুলি লাভ পাবে বলে জানান, মলয় পিঠ।









