টার্মিনাস, পর্যটন

আটকে বাগডোগরা-‌গ্যাংটক নয়া হেলিকপ্টার পরিষেবা

অক্টোবর 27, 2023

দুরন্ত প্রতিবেদন:‌ কথা ছিল এবার দুর্গাপূজা থেকেই চালু হবে বাগডোগরা-‌গ্যাংটক নয়া হেলিকপ্টার পরিষেবা। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং ঘটা করে ঘোষণাও করেছিলেন। নয়া হেলিকপ্টারে যাত্রীদের জন্য বরাদ্দ থাকবে ২৭টি আসন। যার মধ্যে যাত্রীদের জন্যই ২৫টি ও ভিভিআইপিদের জন্য ২টি আসন বরাদ্দ করা হয়েছিল। যে রুটে মাত্র পাঁচ আসনের কপ্টার পরিষেবা চালু করা হয়েছিল প্রথমে। ভাড়া ছিল ৩ হাজার ৫০০ টাকা। কিন্তু কপ্টারে মাত্র পাঁচটি আসন থাকায় সমস্যাও হতো পর্যটকদের। সেসব মাথায় রেখেই ২৭ আসনের কপ্টার চালুর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু লোনক হ্রদ ফেটে তিস্তায় হড়পা বান আসায় যেভাবে উত্তর সিকিম বিধ্বস্ত হয়ে পড়ে, তারপর সমস্ত আয়োজন স্থগিত করে দেওয়া হয়। আপাতত নয়া কপ্টার চালুর দিনক্ষণ ঠিক হয়নি। তবে মনে করা হচ্ছে, খুব দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সিকিম সরকার।
পুজোর আগে এই হেলিকপ্টার পরিষেবা চালু হলে উত্তরবঙ্গের পর্যটনে ভাল প্রভাব পড়ার সম্ভাবনা ছিল। পুজোর সিকিমে পর্যটকের সংখ্যা বাড়ত বলেও মনে করা হচ্ছে। তবে সেই সম্ভাবনায় জল পড়েছে। ধসে শিলিগুড়ি-‌সিকিমের লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হলে এই হেলিকপ্টার পরিষেবা বিশেষ ভূমিকা নিতে পারবে। হয়রানির মুখেও পড়তে হবে না পর্যটকদের। সিকিম সরকারের তরফে জানানো হয়েছিল, হেলিকপ্টারে বাগডোগরা থেকে সিকিমের গ্যাংটক পর্যন্ত যেতে ৩৫ মিনিটি সময় লাগবে। যদিও নতুন কপ্টারের ভাড়া কত হবে সেটাও ঠিক হয়নি। সিকিমের পর্যটন দপ্তর সেই বিষয়ে আলোচনা করছে হেলিকপ্টার সংস্থার সঙ্গে।

Leave the first comment


এই ক্যাটাগরির আরও খবর