দুরন্ত প্রতিবেদন: কুম্বলের ক্যামেরায় বন্দি হল উত্তরের প্যাঁচা। বন্দি হল হর্নবিল। সুন্দর সুন্দর সব পাখির ছবি ক্যামেরা বন্দি করতে পেরে বেজায় খুশি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা কোচ অনিল কুম্বলে। পাখির টানে তিনি শিলিগুড়ির অদূরে রংটং-শিবখোলায় ছুটে এসেছেন। বৃহস্পতিবার দুপুর থেকে তিনি রংটং এলাকায় ক্যামেরা কাঁধে ঘুরে বেড়িয়েছেন। রংটংয়ের বার্ড ওয়াচার ও মহানন্দা ইকো টুরিজম অ্যান্ড কনজারভেশন সোসাইটির সহ সম্পাদক সংযোগ দেওয়ান বলেন, অনিল কুম্বলে গতকাল বিকেল ৫টা পর্যন্ত পাখি দেখেছেন এবং ছবি তুলেছেন। অনিল কুম্বলে নিজেও জানান, তিনি এখানে এসে দারুণ খুশি। হর্নবিলের ছবি তুলতে পেরেছেন। এছাড়াও আরও নানা রকম পাখির ছবি তুলেছেন তিনি। রংটং ঘুরে মহানন্দা ইকো টুরিজম অ্যান্ড কনজারভেশন সোসাইটির কাজকর্ম মুগ্ধ তিনি। অকপটে তার প্রশংসাও করেন। তবে কতদিন আছেন, কর্মসূচিই বা কী সেসব নিয়ে কিছুই মন্তব্য করতে চাননি। এদিকে পাখির ছবি তুলে অনিল কুম্বলে ইতিমধ্যে নিজের ফেসবুক প্রোফাইলেও শেয়ার করেছেন।













