শিলিWOOD, শিল্প-‌সংস্কৃতি

জুঁইয়ের গন্ধমাখা ‘‌বোধন’‌

অক্টোবর 27, 2023

অভিশ্রুতি সরকার

চারপাশ এখন নীচতা, শঠতা আর কটু গন্ধে ভরা। তারই মাঝে এতটুকু সুবাস মনকে আকুল করে। তেমনি এক সুবাসিত মন ভাল করা উপহার পেল শহর শিলিগুড়ি। একেবারে জুঁই ফুলের গন্ধমাখা অপ্রত্যাশিত পাওয়া। পথচলা শুরু করল নতুন এক সংস্থা ‘‌বোধন’‌। সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে অধিকার ও মর্যাদা পাইয়ে দেবার অঙ্গীকার নিয়ে শুরু হল নবযাত্রা। শিলিগুড়ির অতি পরিচিত লেখক, কবি তথা সম্পাদক শুভময় সরকার গর্বিত ভঙ্গিতে লিখলেন,‘‌শিলিগুড়ি শহরের বাসিন্দা হয়ে আজ অহংকারী হয়ে উঠতেই পারি, কারণ এই শহরেই আজ ‌বোধন নামক সংস্থার পথ চলা শুরু হল। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সংস্কৃতি চর্চার কেন্দ্র এই বোধন। নেহাতই করুণার দৃষ্টিতে দেখা বা সাহায্য নয়, এই সব বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের প্রতিভার একটি পরিসর তৈরি হল এবং সাম্মানিক প্রদানের মাধ্যমেই। মুগ্ধ হলাম এই সব বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নানাবিধ প্রতিভার সঙ্গে পরিচিত হয়ে।’‌
সংস্কৃতিকর্মী জুঁই ভট্টাচার্য শিলিগুড়িতে সঞ্চালক ও বাচিক শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত এবং অতি পরিচিত। তাঁর সঞ্চালনায় এতদিন মুগ্ধ হয়েছে শহরবাসী। কিন্তু মানুষটির হৃদয়কোণে সঞ্চিত করে রাখা মানুষের প্রতি অগাধ ভালবাসার ছবি খুঁজে পেলেন ৩০ জুন। শিলিগুড়ির চন্ডাল বুকসে। সেখানেই শহরের বিশেষ চাহিদা সম্পন্নদের নাচ, গান, আবৃত্তির কোলাজ নিয়ে আয়োজন করা হয় অসম্ভব সুন্দর একটি অনুষ্ঠানের। সেখানে ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদ কমল আগরওয়াল, মেডিক্যাল কলেজের ডিন ডাঃ সন্দীপ সেনগুপ্ত, হোটেল ডলি প্রাইভেট লিমিটেডের কর্ণধার বাবলা ঘোষ, পরিবেশপ্রেমী সুজিত রাহা, লেখক কৌশিক জোয়ারদার, শিল্পী মৌসুমী দাশগুপ্ত, দীপক দাস, তাপস দাস, ডাঃ শেখর চক্রবর্তী, ডাঃ ধ্রুপদ রায়, ডাঃ পার্থপ্রতীম পান সহ শহরের নামী অনামী বহু মানুষ। আর এই অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন জিষ্ণু, কৃষ্ণা, পূজা, দীপঙ্কর, কাকলি, নিবেদিতা, উদয়, নিত্যানন্দ, ঋদ্ধিমা, দেবশ্রীদের মঞ্চায়নে নতুন দিগন্ত রচিত হল। জুঁই ভট্টাচার্য জানালেন,‘‌এখনও সমাজের কাছে অবহেলিত বিশেষ চাহিদা সম্পন্নরা। সম মর্যাদা তাদের কাছে চাঁদ পাবার সামিল। আমি চাই অন্তত ওদের করুণার চোখে কেউ না দেখুক। ওদের প্রতিভাকে সম্মান জানাক। যাতে করে ওরাও মানসিকভাবে শক্ত হয়ে বেনে উঠতে পারে। ওদের অধিকার ও মর্যাদা পাইয়ে দেবার শপথ নিয়ে বোধন শুরু করলাম।’‌ 

Leave the first comment