Opens in a new tab

সিনেমা

‌নানা’‌র সঙ্গে কাজ করতে চেয়েছিলেন সত্যজিৎ রায় !‌

অক্টোবর 8, 2026

দুরন্ত প্রতিবেদন :‌ নানা পাটেকর এক সাক্ষাৎকারে এক আবেগঘন স্মৃতির কথা শেয়ার করেছিলেন। তিনি জানান, সত্যজিৎ রায়ের মৃত্যুর পর তাঁর একটি ব্যক্তিগত ডায়েরির পাতা প্রকাশ্যে এসেছিল, যেখানে মানিকবাবু লিখে রেখেছিলেন— ‘‌আমি নানা পাটেকরের সঙ্গে কাজ করতে চাই’‌।
আর এই খবর পেতেই খুশিতে আত্মহারা হয়েছিলেন নানা পাটেকর। বিশ্বমানের একজন পরিচালকের খসড়া ডায়েরিতে নিজের নাম দেখতে পাওয়াকে নানা পাটেকর জীবনের অন্যতম বড় প্রাপ্তি ও অহংকার বলে মনে করেন। তিনি এক সাক্ষাৎকারে তাই বলেছিলেন,‘‌এই লেখার পর আর কোনও অস্কার পুরস্কারের দরকার পড়ে কি? আমার তো কোনও যোগ্যতাই ছিল না ওঁর মতো মানুষের সঙ্গে কাজ করার, কিন্তু ওঁর মনে হয়েছিল। এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে?’

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত বিধু বিনোদ চোপড়ার ‘পারিন্দা’ ছবিতে গ্যাংস্টার ‘আন্না শেঠ’ চরিত্রে নানা পাটেকরের অভিনয় ঝড় তুলেছিল। নানা পাটেকরের সূত্রে জানা যায়, তাঁর এই অভিনয় দেখে সত্যজিৎ রায় অত্যন্ত অভিভূত হয়েছিলেন। মানিকবাবু তাঁকে কাছে ডেকে ভালোবেসে জড়িয়ে ধরেছিলেন, যা নানা পাটেকরের জীবনের অন্যতম সেরা ও স্মরণীয় মুহূর্ত ছিল।
সত্যজিৎ রায় নানা পাটেকরের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেও, নানা আক্ষেপ করে বলেছেন যে নানা রকম ব্যস্ততা ও পরিস্থিতির কারণে জীবদ্দশায় সত্যজিৎ রায়ের পরিচালনায় কোনও ছবিতে অভিনয় করার সুযোগ তাঁর আর হয়ে ওঠেনি। তবে সত্যজিৎ রায়ের মতো মহারথীর এই স্বীকৃতিকেই তিনি জীবনের অন্যতম বড় প্রাপ্তি ও সম্মান বলে মনে করেন। সত্যজিৎ রায় ও নানা পাটেকরের এই সম্পর্কটি মূলত দু’জন মহান শিল্পীর মধ্যেকার সুপ্ত পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার এক অনন্য উদাহরণ।

ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম শক্তিশালী, প্রতিভাবান এবং বহুমুখী অভিনেতা নানা পাটেকর (বিশ্বনাথ পাটেকর)। তাঁর অভিনয় জীবন তীব্র অভিব্যক্তি, স্বতন্ত্র সংলাপ বলার ভঙ্গি এবং চরিত্র ফুটিয়ে তোলার নিপুণ দক্ষতার জন্য ভারতীয় চলচ্চিত্রে অবিস্মরণীয় হয়ে থাকবেন। তিনি মারাঠি ও হিন্দি উভয় চলচ্চিত্রেই সমানভাবে সফল। ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘‌গমন’‌ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় নানা পাটেকরের। শূন্য (‌২০০০)‌ দশকের শুরুতে তার অভিনয় ব্যাপক প্রশংসা পায়, বিশেষ করে শক্তি: দ্য পাওয়ার (২০০২), অব তক ছাপ্পান (২০০৪), অপহরণ (২০০৫) এবং ট্যাক্সি নম্বর ৯২১১ (২০০৬) চলচ্চিত্রে। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত কমেডি চলচ্চিত্র ওয়েলকাম-এ গ্যাংস্টার উদয় শেঠির চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেন। ওয়েলকাম ব্যাক (২০১৫) সিক্যুয়েলেও তিনি একই চরিত্রে অভিনয় করেছিলেন। কমেডি থ্রিলার হাউসফুল ৫-এও পাটেকর একটি সহ-ভূমিকায় অভিনয় করেছিলেন। ২০১০ সালে তিনি রাজনৈতিক থ্রিলার ‘‌রাজনীতি’‌ ছবিটিতে অভিনয় করেন এবং ওই ছবির জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে পঞ্চমবারের জন্য ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন পান। অভিনয়ের সঙ্গে প্লেব্যাক গায়ক হিসেবেও কণ্ঠ দিয়েছেন তিনি। যশবন্ত (১৯৯৭), ওজুদ (১৯৯৮) এবং আঁচ (২০০৩) চলচ্চিত্রে তিনি গায়ক হিসেবেও কাজ করেছেন।

হিন্দি ছবির পাশাপাশি তিনি মারাঠি চলচ্চিত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ২০১৬ সালে মহেশ কালে পরিচালিত মারাঠি চলচ্চিত্র ‘নটসম্রাট’-এ বৃদ্ধ ও উপেক্ষিত মঞ্চ অভিনেতার ভূমিকায় তাঁর অভিনয় ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা মাস্টারপিস হিসেবে বিবেচিত হয়। এই কাজের জন্য তিনি ফিল্মফেয়ার মারাঠি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন।
নানা পাটেকর ভারতীয় চলচ্চিত্রের একমাত্র অভিনেতা যিনি ফিল্মফেয়ার পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা এবং শ্রেষ্ঠ খলনায়ক—এই তিনটি ক্যাটাগরিতেই পুরস্কার জয়ের বিরল রেকর্ড গড়েছেন। চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাঁকে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’তে (২০১৩) ভূষিত করে।
বাস্তব জীবনে সমাজসেবা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে যুক্ত থাকা এই অভিনেতা তাঁর ব্যক্তিত্ব, নিভৃত জীবনযাপন এবং শক্তিশালী অভিনয়শৈলীর মাধ্যমে ভারতীয় দর্শকের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবেন।‌

Leave the first comment