দুরন্ত প্রতিবেদন: ‘উত্তরের কবিমন’ সাহিত্য পত্রিকার তরফে এবার থেকে তিন তরুণ লেখক ও কবিকে সম্মাননা দেওয়া হবে। এতদিন পত্রিকা গোষ্ঠী মাত্র এক তরুণকে কবি সম্মাননা দিত। পুণ্যশ্লোক দাশগুপ্তের নামে সেই সম্মাননা জ্ঞাপন করা হত। এবার থেকে ‘পুণ্যশ্লোক দাশগুপ্ত স্মৃতি সম্মাননা’র পাশাপাশি ‘সমর চক্রবর্তী স্মৃতি সম্মাননা’ ও ‘ভবানী সরকার স্মৃতি সম্মাননা’ দেওয়া হবে। এ বছর এই পুরস্কার তিনটির জন্য যথাক্রমে নির্বাচিত হয়েছেন – সন্দীপন দত্ত, সৌরভ মজুমদার এবং জয়জিৎ সরকার। আগামী ১৮ নভেম্বর উত্তরের কবিমন আয়োজিত চতুর্থ রুফটপ কবিতা কনসার্টে এই সম্মাননাগুলি তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন, কবিমনের সম্পাদক মণ্ডলীর পঙ্কজ ঘোষ ও শুভ্রদীপ রায়।

উল্লেখ্য, শিলিগুড়ি শহরে ১০-১২ বছর আগে সাহিত্যের ক্ষেত্রে একটা খরা চলছিল। শুভময় সরকার, রিমি দের মতো সম্পাদকদের লিটলম্যাগ আন্দোলনের পাশাপাশি কোনও তরুণ মুখের দেখা পাওয়া কঠিন ছিল। এই সংকটময় সময়ে ‘উত্তরের কবিমন’ পত্রিকা নতুন করে জোয়ার নিয়ে আসে শিলিগুড়ির সাহিত্যাকাশে। এক ঝাঁক তরুণ ক্ষুদ্র পত্রপত্রিকা আন্দোলনের স্বপ্ন নিয়ে ধূমকেতুর মতো হাজির হয়। যারা আজও শিলিগুড়ির সাহিত্য ভুবনে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। এরাই এখন শিলিগুড়ির লেখালেখির দুনিয়াকে গমগমে করে রেখেছে। সেই উত্তরের কবিমন পত্রিকা আরও বিস্তৃত পথ পাড়ি দেবার সংকল্প নিয়ে আয়োজন করছে চতুর্থ রুফটপ কবিতা কনসার্টের। যেখানে ৩ তরুণকে সম্মাননা দেওয়া হবে। ২০১৮ সাল থেকে উত্তরের কবিমন পুণ্যশ্লোক দাশগুপ্ত স্মৃতি সম্মাননা দেওয়া শুরু করে। প্রথমবার এই সম্মান পান তানিয়া সাহা। ২০১৯ সালে ওই সম্মান ছিনিয়ে নেন অনন্যা দাশগুপ্ত। এরপর করোনার জেরে আর ওই অনুষ্ঠান করা সম্ভব হয়নি। এবারে নতুন করে সেই সম্মাননা চালু হচ্ছে। নবরূপে পুরো আয়োজন সাজানো হচ্ছে বলে সম্মাননার ক্ষেত্রও বাড়ানো হয়েছে।
এই বছর যে তিনজন সম্মাননাগুলি পেতে চলেছেন, তাঁরা প্রত্যেকে লেখালেখির ক্ষেত্রে নতুন দিশা দেখাতে সমর্থ্য হয়েছেন। আগামীর দিনগুলিতে বাংলা সাহিত্যকে আরও কিছুটা দূর যাতে বয়ে নিতে পারেন, তেমন সম্ভাবনার দিক দেখাতে পেরেছেন।
পুণ্যশ্লোক দাশগুপ্ত স্মৃতি সম্মাননা :
প্রাপক: সন্দীপন দত্ত
সমর চক্রবর্তী স্মৃতি সম্মাননা :
প্রাপক: সৌরভ মজুমদার
ভবানী সরকার স্মৃতি সম্মাননা :
প্রাপক: জয়জিৎ সরকার












