কবিতা অধিকারী ● শিলিগুড়ি
‘...অবশেষে সব কাজ সেরে
আমার দেহের রক্তে নতুন শিশুকে
করে যাব আশীর্বাদ,
তারপর হব ইতিহাস॥’
কবি সুকান্তের কবিতার কথাগুলিকে সত্যি করে চলে গেছে তামান্না। ছড়িয়ে গেছে দেহের অফুরন্ত রক্ত। আর এভাবে যারা চলে যায় তারাই তো ইতিহাসে জায়গা পেয়ে যায়। তা সে হোক না ৯ বছরের ছোট্ট শিশু। তামান্নাকে তাই এতগুলি দিন পরেও বাংলার মানুষ ভোলেননি। কালীগঞ্জে ভোটের বিজয়োল্লাসের বলি হলেও এদিন তার জন্মদিন পালিত হল শিলিগুড়িতে। তাকে শ্রদ্ধা জানিয়ে ‘কিশোর বাহিনী’ দার্জিলিং জেলা কমিটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে ২০ নম্বর ওয়ার্ডে। যেখানে উপস্থিত ছিলেন সংগঠনের অভিভাবক অশোক ভট্টাচার্য, মুখ্য সংগঠক শরদিন্দু চক্রবর্তী (জয়), জেলার যুগ্ম আহ্বায়ক সুজিত কুন্ডু, জেলার সংগঠক জয়া ভট্টাচার্য, চন্দন সরকার, শংকর চন্দ্র দত্ত। এর বাইরেও উপস্থিত ছিলেন ছোট ছোট শিশুরা। অনুষ্ঠানের শেষে সকলের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র।
উল্লেখ্য, কিশোর বাহিনী সংগঠন শিলিগুড়িতে দুর্দান্ত কাজ করে চলেছে। খুব অল্প সময়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নিয়ে সাড়া ফেলে দিয়েছে শহরে।















