দুরন্ত প্রতিবেদন: একটি শিশু জানেই না কেমন হয় মা-বাবার ভালবাসা কিংবা দাদুর আদর। আর একজন বৃদ্ধ বুকে পাথর বেঁধে মনে করেন পরিবারের স্মৃতি। অসমবয়সী এই দুই অসহায় মানুষের দেখা হবে শনিবার। না, শুধু দু’জনের নয়, অনেকের। অনাথ শিশুদের একটি দল প্রথমবারের জন্য জানবে স্বজনের আদর। আর বৃদ্ধাশ্রমের অসহায় মানুষগুলি হৃদয়ের হাহাকার জুড়াবেন ওই শিশুদের বুকে জড়িয়ে নিয়ে। এভাবেই সার্থক সাক্ষাৎ হবে বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমের। — এই আবেগময় আবহ তৈরি করার পরিকল্পনা নর্থ ইস্টার্ন বিজনেস এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশনের (এনইবিইএফ)। সেখানে শুধু দেখাই হবে না, বরং সবাই সবাইকে উপহারে ভরিয়ে আপন করে নেবেন। বেশ খানিকটা অক্সিজেন সংগ্রহ করে ফিরবেন যে যার গন্তব্যে। শনিবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই অদ্ভুত সুন্দর মিলন উৎসব চলবে শিলিগুড়ি ভারতনগরের আনন্দ মার্গ স্কুলে। আয়োজক সংগঠনের তরফে জ্যোতির্ময় পাল, দীপ্তেন্দু তালুকদার, রিমা মজুমদার, প্রিয়ব্রত দাস, অধিরাজ রায়, প্রণব ভৌমিকরা এই অভিনব আয়োজনে শহরের বিশিষ্ট মানুষদের আমন্ত্রণ জানাচ্ছেন। বিষয়টি শিলিগুড়ির সমস্ত মানুষকে জানাতে বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক সম্মেলনও করেছেন।

উল্লেখ্য, ভারত নগরের এক স্কুলে অন্তত ৩০ জন অনাথ পড়ুয়া রয়েছেন। কাওয়াখালির কাছে রয়েছে একটি বৃদ্ধাশ্রম। সেখানে অন্তত ২৬ জন আবাসিক রয়েছেন। এই আশ্রম দুটিকে একেবারে কাছাকাছি আনতে মিলনমেলার আয়োজন করছে নর্থ ইস্টার্ন বিজনেস এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন (এনইবিইএফ)। কার্যত উভয়ের মনের মধ্যে থাকা শূন্যতার জায়গাগুলিকে ভরাট করে একটি সুন্দর দিন উপহার দিতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজক সংস্থার সম্পাদক জ্যোতির্ময় পাল। এদিন আয়োজক সংস্থার সভাপতি দীপ্তেন্দু তালুকদার সহ কার্যকরী কমিটির কর্মকর্তারা শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানান, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা ২০ ডিসেম্বর শিলিগুড়ি ভারতনগরের একটি স্কুলে ‘সার্কেল অফ স্মাইল’ নামে একটি মিলনমেলা করছি। যেখানে অনাথ শিশুরা দাদুর ভালবাসা খুঁজে পাবে এবং বৃদ্ধাশ্রমের বৃদ্ধরা নাতির সাহচর্য পাবেন। দীর্ঘ দিন পরিবার থেকে বঞ্চিত মানুষগুলিকে অপার ভালবাসার স্পর্শ দিতেই এমন আয়োজন। সেখানে নানারকম উপহার, খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকবে। শিশুরা বৃদ্ধদের, বৃদ্ধরা শিশুদের উপহার দিয়ে নতুন আনন্দের আস্বাদ নেবে।













