শিলিWOOD, শিল্প-‌সংস্কৃতি

‌বাসভূমি পুরস্কার পাচ্ছেন অশেষ দাস

আগস্ট 17, 2025

শ্রুতি সরকার ●‌ শিলিগুড়ি

২০২৫ সালের বাসভূমি পুরস্কার পাচ্ছেন আপনমনে গবেষণার কাজ চালিয়ে যাওয়া শিলিগুড়ির প্রাবন্ধিক অশেষ কুমার দাস। আগামী ১৫ নভেম্বর শনিবার মুর্শিদাবাদ জেলার বহরমপুর রবীন্দ্রসদনে এই পুরস্কার প্রদান করা হবে। ওইদিন বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য ১০ জন সাহিত্যিক ও ৪টি লিটল ম্যাগাজিন পুরস্কৃত হবে। সিসিএআই বাসভূমি জীবনকৃতি পুরস্কার পাবেন প্রাণজি বসাক, কবি (দিল্লি), বীরেন শাসমল, কথা সাহিত্যিক (মেদিনীপুর)। বাসভূমি সাহিত্য সম্মাননা পাবেন অশেষ কুমার দাস, ইতিহাস গবেষক (দার্জিলিং), সৌরভ হোসেন, কথা সাহিত্যিক (মুর্শিদাবাদ), মনিরুদ্দিন খান, কবি (বহরমপুর), চন্দন দাস, চিত্রশিল্পী (বহরমপুর), আব্দুস সালাম, কবি (জঙ্গিপুর), তাপস সরখেল, কবি (বহরমপুর), কার্তিক পাল, চিত্রশিল্পী (বহরমপুর), শিরিন সোরাইয়া, সংগীত শিল্পী (বহরমপুর)। বাসভূমি সেরা বাংলা লিটল ম্যাগাজিন পুরস্কার পাবে স্রোত (ত্রিপুরা), সম্পাদক গোবিন্দ ধর, উত্তর প্রসঙ্গ (কোচবিহার), সম্পাদক দেবব্রত চাকী, প্লাবন (কলকাতা), সম্পাদক স্বপন দত্ত এবং কবিতা জগৎ (দ. দিনাজপুর), সম্পাদক: গোবিন্দ তালুকদার। এই পুরস্কারের তালিকায় অশেষ দাসের নাম থাকায় গর্বিত শিলিগুড়ি।


বিশিষ্ট প্রাবন্ধিক অশেষ কুমার দাসের জন্ম (৬ জুলাই ১৯৫৪) ও বেড়ে ওঠা শিলিগুড়ি শহরেই। ‘শিলিগুড়ি বয়েজ হাই স্কুল’-এর ছাত্র-জীবন থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন পত্রপত্রিকায় লিখতে শুরু করেন। দীর্ঘদিন যুক্ত ছিলেন সাংবাদিকতার সঙ্গেও। উত্তরবঙ্গের জাতি, জন-জাতি, স্থান-নাম, লোক-সংস্কৃতি, বিদ্রোহ, আন্দোলন, পরিবেশসহ অভিবাসন তার লেখায় প্রাণবন্ত হয়ে ওঠে। পার্বত্য অঞ্চলের বিচ্ছিন্নতাবাদ নিয়ে লেখা প্রবন্ধ বিশেষ প্রশংসার দাবি রাখে। এছাড়াও উত্তরের সমাজের জাত-পাতসহ বিভিন্ন ধরণের উন্মাসিকতা অশেষ দাসের কলমকে করে তুলেছে বলিষ্ঠ। আঞ্চলিক ইতিহাস খনন করে তুলে আনতে তাঁর জুড়ি মেলা ভার। একটি ক্ষুদ্র উদাহরণ হল ‘শিলিগুড়ির সন্ধানে’ যা বিশেষ কৃতিত্ব দাবি করে। এই কারণে তিনি বহু সংগঠন থেকে অভিনন্দিত হয়েছেন। যে কোনও সাহিত্য সভায় সুবক্তা এই প্রাবন্ধিকের যে কোনও বিষয়ের উপর আলোচনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে রাখে। ইতিমধ্যে তার ৪টি গ্রন্থ প্রকাশ হয়েছে। কলেবর ছোট হলেও প্রতিটি গ্রন্থ তথ্যে ঠাসা। বজ্রের দেশ দার্জিলিং, বিপন্ন উত্তরবঙ্গ, প্রবন্ধে নিবন্ধে উত্তরবঙ্গ ও শিলিগুড়ির সন্ধানে। প্রতিটি গ্রন্থের চাহিদা ব্যাপক। মেদহীন গ্রন্থগুলি স্থানীয় ইতিহাসের খিদে মিটিয়ে দিতে সক্ষম হয়েছে। শিলিগুড়িতে বেড়ে উঠলেও শিলিগুড়ির সাহিত্য মহলে অশেষ দাসকে সেভাবে যোগ্য জায়গা করে দিতে পারেনি। এটা শহরের ব্যর্থতা।

2 comments

  • DHANANJOY PAUL

    যোগ্য প্রাবন্ধিককে যোগ্য সম্মান। প্রাবন্ধিক অশেষকুমার দাসকে অভিনন্দন জানাই। ধন্যবাদ জানাই সাতদিন ও অলক সরকারকে।

  • ধনঞ্জয় পাল

    ধন্যবাদ সাতদিন। ধন্যবাদ অলক সরকার। শিলিগুড়ির সাহিত্য জগত সম্পর্কে এবার নতুন করে লেখার দিন এসে গেছে। কৃতিকে তাঁর যোগ্য সম্মান দিতে হবে।

ধনঞ্জয় পাল কে একটি উত্তর দিন (Cancel Reply)