খবরাখবর, রাজনীতি

শিলিগুড়ি পুরনিগম :‌ শো-‌কজের জবাবে হুমকি !‌ নিষিদ্ধ নেতার শাসানি

আগস্ট 4, 2025

দুরন্ত প্রতিবেদন

শিলিগুড়ি পুরনিগমের বোর্ড মিটিংয়ে নিজেদের মধ্যে বাদানুবাদের ঘটনা রাজ্যের সীমানা পেরিয়ে কে.‌এল.‌ও (‌কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন)‌ শিবিরে পৌঁছে গেল। শুধু তাই নয়, সেখান থেকে রীতিমত শাসানি এল। বোর্ডের মধ্যেকার বিতর্ককে তুলে ধরে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে ভরকানো শুরু হল। এই ঘটনায় ক্ষুদ্ধ তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি যখন শিলিগুড়ি পুরনিগমের তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মনকে শো-‌কজ করলেন, তখন সেসবের পরোয়া না করে দিলীপ উল্টে হুঁশিয়ারির ঢঙেই জানিয়ে দিলেন,‘‌সামনেই কিন্তু ইলেকশন’‌। অর্থ্যাৎ এখন এসব চললে ভোটে যে তিনি দেখে নেবেন, সেটা বুঝিয়ে দেবার চেষ্টা করলেন।

কী হয়েছিল ঘটনা?‌

৩০ জুলাই ছিল শিলিগুড়ি পুরনিগমের বোর্ড মিটিং। সেখানে বিল্ডিং ভাঙা নিয়ে একটি মোশন তুলতে চান তৃণমূলেরই মেয়র পারিষদ দিলীপ বর্মন। চেয়ারম্যান জানিয়ে দেন, মেয়র পারিষদ নিজেই মোশন উত্থাপন করতে পারেন না। অনুমোদন ‌না পেলেও অনড় ছিলেন দিলীপ। এতে করে শাসকদলের নেতাদের মধ্যেই বাদানুবাদ বাঁধে। একসময় ডেপুটি মেয়র রঞ্জন সরকার বোর্ড থেকে দিলীপ বর্মনকে বেরিয়ে যেতে বলেন। পরে চেয়ারম্যানও একই নির্দেশ দেন। মূলত দিলীপ কারও কথা না শুনে গোঁ ধরাতেই এই সিদ্ধান্ত হয়। দিলীপ বর্মন বোর্ড মিটিং থেকে বেরিয়েই রাজবংশী তাস খেলতে শুরু করেন। সেইসঙ্গে দেখে নেবার হুমকি দেন। ৩১ জুলাই বোর্ডের ঘটনা নিয়ে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে রাজবংশী সম্প্রদায়ের লোকজনকে নিয়ে পথ অবরোধ শুরু করে দেন। সেইসঙ্গে রাজবংশী নেতাকে অপমান করা হয়েছে বলে বিবৃতি দিতে শুরু করেন। বিষয়টি জাতিগত দিকে মোড় দেওয়ায় গোটা উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করে। পরিস্থিতি ঘোরালো হতে থাকায় ৩ আগস্ট তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি শোকজ চিঠি পাঠান দিলীপকে। ৩ দিনের মধ্যে জবাব দেবার নির্দেশ দেন। চিঠিতে বলা হয়—‘‌গত বুধবার ৩০ জুলাই, ২০২৫ শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটি বোর্ড মিটিংকে কেন্দ্র করে আপনার আচরণ এবং পরবর্তী ক্ষেত্রে মিডিয়ার সামনে অযাচিত বক্তব্য দেওয়ার ঘটনা পার্টির ভাবমূর্তিকে বিশেষভাবে আঘাত করেছে। আপনার এই দুঃখজনক আচরণ কোনওভাবেই পার্টি অনুমোদন করে না। দলীয় শৃঙ্খলাভঙ্গের এই আচরণের জন্য আপনাকে আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হচ্ছে।’‌ অন্যদিকে একই দিনে কেএলও সুপ্রিমো জীবন সিংহের একটি ভিডিও বার্তা ছড়ায়। যদিও তার সত্যতা পরীক্ষা করেনি ‘‌সাতদিন’। সেখানে জীবন সিংহ দিলীপ বর্মনদের নাম নিয়ে গোটা রাজবংশী সম্প্রদায়কে যেমন প্রতিবাদে সামিল হতে বলে, তেমনি উত্তেজক বিবৃতিও দেয়। এরপর শো-‌কজের প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপ বর্মন জবাব দেবেন জানিয়েও তৃণমূল নেতাদের সাবধান করে বলেন,‘‌সামনে কিন্তু ইলেকশন’‌।

কিসের ভয় দেখাচ্ছেন দিলীপ ?‌

উল্লেখ্য, উত্তরবঙ্গের বিভিন্ন বিধানসভা আসনের মতো শিলিগুড়ির ৩টি বিধানসভা ও ডাবগ্রাম-‌ফুলবাড়ি আসনেও রাজবংশী ভোট ফ্যাক্টর। দিলীপ বর্মন পুরবোর্ডের ঝামেলা বোর্ডের মধ্যে না রেখে সেটাকে রাজবংশী সম্প্রদায়ের মধ্যে নিয়ে গেলেন। যাতে করে চাপে রেখে নিজের দাবি আদায় করে নেওয়া যায়। তিনি বলতে চাইছেন, রাজবংশীরা বেঁকে বসলে তৃণমূল এখানকার ৪টি আসন আর পাবে না। তাই সাবধান। এই সামগ্রিক ঘটনার প্রসঙ্গে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বিশেষ কোনও মন্তব্য না করে শুধু জানিয়েছেন, এসব ঠিক হচ্ছে না। বাকিটা দল ও পুর চেয়ারম্যানের ওপর ছেড়ে দিয়েছেন।

Leave the first comment