রাজনীতি

খেলা হবে, আসরে স্বপ্না

ফেব্রুয়ারি 28, 2026

অ্যাথলিট স্বপ্না বর্মন

দুরন্ত প্রতিবেদন :‌ রাজনীতির ট্র‌্যাকে ঢুকে পড়েছেন বিশ্বজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন। যোগ দিয়েছেন তৃণমূলে। তাই বলে খেলার পাট ঢুকে যাচ্ছে না। বরং আরও তীব্র খেলা হতে চলেছে ডুয়ার্সের ভোট রণাঙ্গনে। মন্ত্রীত্বের স্বপ্ন নিয়ে স্বপ্না বর্মন রাজনীতিতে পা রাখলেও অনেক রাজনৈতিক নেতার যে ইতিমধ্যে স্বপ্নভঙ্গ হয়েছে, সেটা প্রায় প্রকাশ্যে এসে গেছে। দিন কয়েকের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে ঠিক কাদের স্বপ্ন গোল্লায় গেল।

স্বপ্নার তৃণমূলে যোগদান অনুষ্ঠানে ব্রাত্য বসু, গৌতম দেব, চন্দ্রিমা ভট্টাচার্য ও মুকুল বৈরাগ্য। ছবি:‌ সাতদিন

বিধানসভা ভোটের মুখে তৃণমূলে যোগ দেবার অর্থ শুধু রাজনীতিতে পা রাখা নয়, বরং বিধানসভায় লড়াই করার বিষয়টি প্রায় নিশ্চিত। ২০১৮ সালের এশিয়াডে সোনাজয়ী এই অ্যাথলিট তাহলে কোন্‌ কেন্দ্র থেকে লড়াই করবেন?‌ জলপাইগুড়ি তৃণমূলের বিভিন্ন মহল থেকে যেটা জানা যাচ্ছে, তা হল স্বপ্না বর্মনের বেজায় ইচ্ছে জলপাইগুড়ি সদর আসন থেকে লড়াই করার। কিন্তু সদরের তৃণমূল নেতারা যে আচমকা উড়ে এসে জুড়ে বসা কাউকে সহজে মেনে নেবেন না, সেটাও আকারে ইঙ্গিতে প্রকাশ করে দিয়েছেন। অন্যদিকে ধূপগুড়ি ও ময়নাগুড়ি আসনের জন্য প্রার্থী একাধিক তৈরি হয়ে আছেন। এসবের বাইরে রাজগঞ্জ আসন নিয়ে ভাবা হচ্ছিল। কিন্তু সেখানে খগেশ্বর রায় দীর্ঘদিনের বিধায়ক। এবারে সেই আসনের জন্য জোর দাবিদার কৃষ্ণ দাস। এই দুই নেতার মধ্যে যখন লড়াই চলছে, তখন মাঝখান থেকে অন্য কেউ এলে যে এদের চাপেই ভ্যানিশ হয়ে যাবে সেটা বুঝতে বাকি থাকছে না। ফাঁকা আসন বলতে গৌতম দেবের ছেড়ে আসা ডাবগ্রাম-‌ফুলবাড়ি আসন। ওই আসনে গৌতম দেব গতবার পরাজিত হন। এবারে আর তিনি ওই আসনে লড়ছেন না। সেটা বুঝে ইতিমধ্যে সেখানে তিনজনের প্রচার চলছে। শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার, কাউন্সিলর রঞ্জন শীলশর্মা ও জে পি কানোরিয়া। সবাই সবার মতো এলাকায় যাচ্ছেন। কাজ করছেন। সবাই নিজের নিজের মতো করে টিকিট পাবার বিষয়ে ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অভিষেক ব্যানার্জির টিমও সকলের বিষয়ে খোঁজ নিচ্ছেন নিয়মিত। এই সময় ওই আসনে আচমকা স্বপ্না বর্মন প্রার্থী হলে কতটা সহজ ভাবে ডাবগ্রামের তৃণমূল নেবে, সেটা ভাবার বিষয়। ফলে স্বপ্না বর্মন যতই স্বপ্ন দেখুক, কঠিন খেলা যে তাঁকে খেলতে হবে, সেটি একরকম পরিষ্কার।

মন্ত্রীত্বের স্বপ্ন নিয়ে স্বপ্না বর্মন রাজনীতিতে পা রাখলেও অনেক রাজনৈতিক নেতার যে ইতিমধ্যে স্বপ্নভঙ্গ হয়েছে, সেটা প্রায় প্রকাশ্যে এসে গেছে।

শুক্রবার কলকাতা তৃণমূল ভবনে গিয়ে শাসকদলে যোগ দেওয়ার পর স্বপ্না বলেছেন, “আমি মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত। আমি ওঁকে অনুসরণ করি।” একই সঙ্গে তিনি জানিয়েছেন, মানুষের জন্য কাজ করার উপযুক্ত মঞ্চ তৃণমূল। তাই তিনি এই দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ২০১৮ সালে এশিয়াডে সোনা জিতলেও পরে চোটের কারণে খেলা ছাড়েন। এখন তিনি রেলকর্মী। জানুয়ারি মাসে শিলিগুড়ির মহাকাল মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে স্বপ্নাকে সংবর্ধনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দু’জনের মধ্যে কিছু ক্ষণ কথাও হয়েছিল। সেই সময় স্বপ্না তৃণমূলে যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল। গৌতম দেব জানিয়েছেন, ‘‌রাজবংশী সম্প্রদায়ের মেয়ে স্বপ্না বর্মন আন্তর্জাতিক স্তরে দেশের মুখ উজ্জ্বল করেছে। এখন তিনি ক্রীড়াক্ষেত্রে আরও বেশি করে ভূমিকা নিতে পারেন। সেটা নেবেনও।’‌

Leave the first comment