বনানী বিশ্বাস ● নকশালবাড়ি
শিলিগুড়ির গ্রামীণ এলাকার বাছাই স্কুলে মিনি ইনডোর স্টেডিয়াম গড়া শুরু করল শিলিগুড়ি মহকুমা পরিষদ। বলা হচ্ছে, উত্তরবঙ্গে এর আগে কখনও কোনও স্কুলে মিনি ইনডোর স্টেডিয়াম তৈরি করেনি কোনও মহকুমা কিংবা জেলা পরিষদ। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ জানান, আমার জানা মতে এখনও কোনও স্কুলে এমন ইন্ডোর স্টেডিয়ামের পরিকল্পনা করা হয়নি। আমরাই প্রথম করছি। মূলত ক্রীড়া চর্চার প্রসার এবং পড়ুয়াদের স্কুলমুখী করতেই এই উদ্যোগ নিতে শুরু করলাম। এদিন নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা উচ্চ বিদ্যালয়ে এই কাজ শুরু করা হল। প্রকল্পে খরচ করা হবে ২২ লক্ষ ২৭ হাজার ৯৯৩ টাকা। পরবর্তীতে আমরা এই স্টেডিয়ামে খেলাধুলার আরও কী কী সরঞ্জাম রাখা যায় তার ব্যবস্থা করব। শুধু এখানেই নয়, খুব তাড়াতাড়ি মাটিগাড়া ব্লকের একটি স্কুলেও একইভাবে মিনি ইনডোর স্টেডিয়াম গড়ার কাজে হাত দেব। এরপর খড়িবাড়ি ও ফাঁসিদেওয়া ব্লকেও প্রাথমিকভাবে একটি করে স্কুলে মিনি ইনডোর স্টেডিয়াম তৈরি করব। পাশাপাশি স্কুলগুলিতে পার্কসহ শিশুদের উপযোগী পরিকাঠামো তৈরি করার কথা ভাবছি আমরা।’
উল্লেখ্য, তৃণমূল পরিচালিত শিলিগুড়ি মহকুমা পরিষদ প্রথাগত পঞ্চায়েত উন্নয়নের কাজের বাইরেও বিভিন্ন ক্ষেত্রে কাজ করে ইতিমধ্যে তাক লাগিয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ নজির তৈরি করতে চলেছে শিলিগুড়ি মহকুমা পরিষদ। একইসঙ্গে পরিকল্পনা নিচ্ছে একাধিক পর্যটন কেন্দ্র গড়ার। এদিন মোট ৬ কোটি টাকার কাজের সূচনা করলেন সভাধিপতি অরুণ ঘোষ। এর মধ্যে বেশ কয়েকটি বড় রাস্তা, নিকাশী নালা ও স্কুল সংস্কারের কাজ রয়েছে। নন্দপ্রসাদ গার্লস হাই স্কুল, রাঙাপানি হাই স্কুল, হাতিঘিসা হাই স্কুল, রামাজোত প্রাথমিক স্কুল, কলাবাড়ি ফরেস্ট বস্তি প্রাথমিক স্কুল সহ অন্তত ১৫ টি স্কুল সংস্কার করা হবে বলেও জানিয়েছেন। এদিন কাজের সূচনা অনুষ্ঠানে শিক্ষা বিভাগের কর্মাধ্যক্ষ ক্যাপ্টেন নলিনী রঞ্জন রায় বিভিন্ন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পঞ্চায়েত প্রধানরা উপস্থিত ছিলেন।












