নাটক

গ্রামে শিল্প-‌সংস্কৃতির বিকাশে নাট্যোৎসব করবে মহকুমা পরিষদ

আগস্ট 5, 2025

বনানী বিশ্বাস ●‌ নকশালবাড়ি

শিলিগুড়ি শহরে নাটকের চর্চা চলে সারা বছর। গ্রামীণ এলাকায় এই চর্চায় বিস্তর ঘাটতি। বহুদিন শিলিগুড়ি গ্রামে নাটক নিয়ে কাজ হয় না। তাই এবার সেই শিল্প সংস্কৃতি বিকাশে গুরুদায়িত্ব নিলো শিলিগুড়ি মহকুমা পরিষদ। আগামী সেপ্টেম্বর মাসে শিলিগুড়ির গ্রামে তাঁরা আয়োজন করতে চলেছেন নাট্য উৎসব। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ১২৮তম জন্মদিবসকে মাথায় রেখে সেপ্টেম্বরের ৬ তারিখ থেকে তাঁরা শুরু করবেন তারাশঙ্কর নাট্যোৎসব। ৫ দিন ধরে তারাশঙ্করের সৃষ্টিই তুলে ধরা হবে বলে জানান শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। তিনি বলেন,‘‌এমন নাট্যোৎসব বা শিল্প সংস্কৃতির কাজ প্রতি বছরই করা হবে এবং সেটি একেকবার একেক ব্লকে করা হবে। এবারে অনুষ্ঠিত হবে নকশালবাড়ি ব্লকের কমিউনিটি হলে। ৬ থেকে ১০ সেপ্টেম্বর।’‌


জানানো হয়েছে, লাভপুরের দিশারী সাংস্কৃতিক চক্র ৪দিনে মোট ৮টি নাটক মঞ্চস্থ করবে। তারাশঙ্করের কাহিনী অবলম্বনে শশে ডোম, মতিলাল, ডাখারপাড়া, বাউল, জটায়ু, স্থলপদ্ম, ডাইনি ও রাধা। এছাড়া শুরুর দিনে নকশালবাড়ির বীরসা মুন্ডা কলেজের পড়ুয়ারা একটি নাটক মঞ্চস্থ করবে। সেইসঙ্গে গোটা শিলিগুড়ির বিশিষ্ট মানুষদের সেদিন সংবর্ধিত করা হবে।
সভাধিপতি জানান,শহরে নাটক নিয়মিত হয়। কিন্তু বহুদিন গ্রামে নাটকের মেলা হয় না। আমরা সেই সাংস্কৃতিক পরিমন্ডল ফিরিয়ে আনার জন্যই এই উদ্যোগ নিয়েছি। এদিন নাট্যোৎসব নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শিক্ষক, লেখক থেকে সংস্কৃতি জগতের মানুষেরা হাজির ছিলেন।

Leave the first comment