শিলিগুড়ি

শঙ্কর ‘থার্ড’ হবে !‌ মারাত্মক ভবিষৎবাণী গৌতমের‌

এপ্রিল 2, 2026

যুযুধান ছবিটি প্রতীকী। এআই দিয়ে নির্মিত।

দুরন্ত প্রতিবেদন :‌ শিলিগুড়িতে কি ভোটের খেলা ঘুরছে?‌ তৃণমূল প্রার্থী গৌতম দেবের মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তিনি যা ভবিষ্যৎবাণী করছেন, সেটা মারাত্মক। বিজেপির সঙ্গে যে তাঁর লড়াই হচ্ছে, সেটাই মানছেন না গৌতম। গৌতম দেব তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করছেন সিপিএমের শরদিন্দু চক্রবর্তীকে। আর এই মন্তব্য ঘিরেই তোলপাড় গোটা শিলিগুড়ির রাজনীতি। বুধবার সকাল থেকে দিনভর ঝোড়ো প্রচারের পর গৌতম দেব নিজের অনুভব ব্যক্ত করতে গিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন,‘‌আমি তো দেখতে পাচ্ছি, সিপিএম আমার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আছে। বিজেপি থার্ড হবে। সেটাই লক্ষ্য আমার। বিজেপির জায়গায় কংগ্রেস থার্ড হলে খুশি হব।’‌ একই কথা বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েও জোরের সঙ্গে বলেছেন তিনি।
শিলিগুড়ির তৃণমূল প্রার্থী, মেয়র তথা উত্তরবঙ্গের অবিসংবাদী তৃণমূল নেতা গৌতম দেব কেন বললেন এমন কথা। সত্যিই কি এবারের শিলিগুড়িতে বিজেপি প্রার্থী শংকর ঘোষের পরিণতি দুর্ভাগ্যজনক হতে চলেছে?‌ গৌতম দেবের সাফ কথা–‘‌যেভাবে এসআইআর ও গ্যাসের সমস্যা সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, তার জন্য ক্ষোভে ফুঁসছেন মানুষ। ‌মানুষের এই ক্ষোভই শিলিগুড়ির বিজেপি প্রার্থীকে তিন নম্বরে নামিয়ে আনবে। তার সঙ্গে ওঁর ঔদ্ধত্য ও অন্যকে অসম্মান করাই ওঁকে ওয়ার্ডের ভোটের ফলাফলের জায়গায় দাঁড় করাবে। আমারও সেটাই লক্ষ্য।’‌ সেই সঙ্গে তিনি শিলিগুড়ির মানুষকে বার্তা দিয়ে বললেন,‘‌কোনওমতেই বিজেপি ভোট দেবেন না। যারা কোনও কারণে আমাদের ভোট দিতে চান না, তাঁদের কাছে অনুরোধ বিজেপিকে ভোট নয়। বিজেপি বাদে অন্য যে কাউকে দিন।’‌

গৌতম দেব এই যে বিজেপি বাদে অন্য কাউকে ভোট দেবার অনুরোধ করছেন, এর মধ্যেও যে সুক্ষ্ণ রাজনীতি আছে, সেটা বিলক্ষণ বুঝতে পারছেন রাজনৈতিক মহল। এটা সত্যি যে বামেরা ৪০-‌৪৮ শতাংশ ভোট পেতেন বিধানসভা ভোটে, বিগত নির্বাচনে সেই বামেরাই ১৬ শতাংশ ভোট পেয়েছেন মাত্র। অশোক ভট্টাচার্যের মতো প্রার্থী তৃতীয় স্থানে চলে যান। সেখানে ৫০ শতাংশের বেশি ভোটে জয়ী হন সিপিএম থেকে বিজেপিতে যোগ দেওয়া শঙ্কর ঘোষ। আর এই জয়ের পেছনে যে অনেক বামভোট ছিল, সেটা দেরিতে হলেও আকারে ইঙ্গিতে স্বীকার করেছেন অশোক ভট্টাচার্য। এবারে তাই বামেরা কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তীকে প্রার্থী করেছেন। অত্যন্ত সজ্জন, সৎ ও সরল মানুষ। ইতিমধ্যে মানুষের মন জিতে নিয়েছেন তিনি।

বামেরা চাইছেন নিজেদের ভোট আবার নিজেদের ঝুলিতে ফিরিয়ে আনা। আর এই ভোট যদি ফিরে আসে তবে শঙ্কর ঘোষ অনেকটাই নীচে নেমে আসবেন বলে অঙ্ক কষছে তৃণমূল। ফলে তৃণমূল চাইছে বামেরা যাতে অন্তত নিজেদের ভোট নিজেদের কাছে ফেরাতে পারে। এইবার গৌতম দেবের লক্ষ্য কিছু বাম ভোট কেটে নিজের কাছে আনা। তাহলেই কেল্লাফতে। এবং সেই কাজে অনেকটাই সফলতার দিকে এগোচ্ছেন তিনি। ফলে মনোনয়ন জমা দেবার আগেই সাহস করে বলে দিতে পেরেছেন, শঙ্কর ঘোষের ভবিষ্যৎ কী হতে চলেছে।
যেভাবে শঙ্কর ঘোষ নিজের রাজনৈতিক গুরুকে থার্ড বানিয়ে জয়মালা গলায় পরেছিলেন, এবারে কি শঙ্কর ঘোষকে থার্ড বানিয়ে শিলিগুড়ির মানুষ সত্যিই বৃত্ত সম্পন্ন করবে?‌ নাকি শঙ্করকেই শিলিগুড়ি তার মাথায় বসাবে?‌ সেটাই এখন দেখার.‌.‌‌

প্রচারে সিপিএম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী

Leave the first comment