কবিতা অধিকারী, শিলিগুড়ি : জমে গেছে শিলিগুড়ি আর্ট মেলা। দর্শনার্থীরা একবার মেলায় ঢুকে আর বেরতে চাইছিলেন না বৃহস্পতিবার। রাত ১০টাতেও অনেকে মেলায় ঘুরে বেরিয়েছেন। বইমেলা, হস্তশিল্প মেলা, ফুলমেলার পর শিলিগুড়ির মানুষ মন ভাল করার আরও একটি ডেস্টিনেশন খুঁজে পেলেন যেন। আনন্দে উদ্বেলিত খোদ চিত্রকরেরাও। শুক্রবার তাঁরা রীতিমত রং-তুলি নিয়ে মেতে উঠতে প্রস্তুত। ‘নর্থবেঙ্গল পেইন্টার্স’এর সভাপতি সঞ্জয় দে জানান,‘শুক্রবার আমরা জল রঙের কর্মশালার আয়োজন করছি। সেখানে শিল্পীরা তুলি হাতে জল রঙে ডুবে যাবেন। নিজের মতো করে আঁকবেন। নতুন যারা জল রং নিয়ে কাজ শুরু করেছেন, তাঁরা এই কর্মশালা দেখতে আসতেই পারেন। তাতে অনেক কিছু শিখতে পারবেন তাঁরা।’

মেয়র গৌতম দেবকে সম্মানিত করছেন সঞ্জয় দে ও সুজয় মিত্র। ছবি: সাতদিন
এদিকে মেলা ঘিরে ইতিমধ্যে গোটা শহর এমনকি উত্তরবঙ্গে সাড়া পড়ে গেছে। আগামী ৫ দিন আঁকা নিয়ে আলোচনা, কর্মশালা, প্রতিযোগিতা ইত্যাদি আয়োজিত হবে। মেলায় ইতিমধ্যে ৪০টি স্টল সেজে উঠেছে। সেখানে স্বরলিপি পাল, নবীন দাস, সহচরী, সৌমালি দলই, অনিন্দিতা চক্রবর্তী, জয়িতা চক্রবর্তী, তৃষা সাহা, প্রিয়াঙ্কা রবি দাস, পারু দেওয়ান, রাজেশ দাস, অক্ষয় চন্দ্র দাস, বন্দনা সাহা দে, মধুমিতা ঘোষ, বিপদ ভঞ্জন সিকদার, সুপর্ণা সেন, অরূপ মন্ডল, বৃষ্টি ইশোর, পাপিয়া দেবনাথ, রঞ্জন রায়, পিঙ্কি দাস, অমরনাথ নন্দী, অনির্বাণ, সুদীপ্ত রায়, সুরোজ রায়,

ডোনা সরকার, দীপঙ্কর বসু বিশ্বাস, নীহার মজুমদার, বিপুল রায়, গোপীনাথ সাহা, সৌরভ দাসের মতো সমস্ত শিল্পীই অঙ্কন শিল্প নিয়ে অনেক আশায় রয়েছেন। ‘নর্থ বেঙ্গল পেইন্টার্স’এর দুই সম্পাদক সুজয় মিত্র ও বিপ্লব ভট্টাচার্য জানান,‘শিলিগুড়ির রামকিঙ্কর প্রদর্শনী কক্ষই এতদিন আর্টিস্টদের আশ্রয় ছিল। প্রদর্শনী করলেও সেখানে অভাব ছিল দর্শকের। তবে এই মেলা সেই অভাব পূরণ করতে সক্ষম হয়েছে। শিল্পীরাও তাই উজ্জীবীত। আমরা চাই মেলাটিকে ঘিরে উত্তরবঙ্গের চিত্রশিল্পীদের নিজস্ব জায়গা তৈরি করতে।’












