দুরন্ত প্রতিবেদন : নিবিড় ভোটার তালিকা সংশোধনীর (SIR) কাজে দার্জিলিং সমতলের তদারকিতে রাখা হয়েছে পাপিয়া ঘোষকে। পাপিয়া প্রায় ৪ বছর দার্জিলিং জেলা (সমতল) তৃণমূলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। প্রায় তিনটি গুরুত্বপূর্ণ ভোট পরিচালনার অভীজ্ঞতা রয়েছে তাঁর। তাঁর সভাপতিত্বের সময়ই শিলিগুড়ি পুরনিগম ও মহকুমা পরিষদ প্রথমবারের জন্য তৃণমূলের হাতে আসে। এলাকায় জনসংযোগেও শুরুর দিকে ভাল কাজ করেছেন তিনি। এই কৃতিত্বের কারণেই এসআইআরের মতো গুরুত্বপূর্ণ কাজের তদারকি তাঁর হাতে তুলে দিয়েছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। আবার শুক্রবার বিকেলে গোটা রাজ্যের ১৮ হাজার নেতাকে নিয়ে অভিষেক যখন ভার্চুয়াল মিটিং করে এসআইআর নিয়ে নেতাদের দলীয় নির্দেশ দিচ্ছিলেন, তখন সেই অভিষেকই প্রমাণ করলেন দার্জিলিং জেলা তৃণমূলে সর্বাধিনায়ক গৌতম দেবই। গৌতম দেবকে যেহেতু শিলিগুড়ি পুরনিগমের সমস্ত দেখভালের পাশাপাশি গোটা উত্তরবঙ্গের বিভিন্ন দিকে নজর রাখতে হয়, ফলে তাঁর ক্ষেত্রে বুথ লেবেলে গিয়ে কাজ করা যেমন সম্ভব নয়, তেমনি সেটা তার উপযুক্ত জায়গাও নয়। ফলে গৌতম দেবের প্রাজ্ঞতা ও নেতৃত্বদানের ক্ষমতার কথা মাথায় রেখে অভিষেক ব্যানার্জি গোটা এসআইআর প্রক্রিয়া ঠিকঠাক সম্পন্ন করার জন্য মেয়রকেই দায়িত্ব দিলেন শুক্রবার।

উল্লেখ্য, আগামী ৪ নভেম্বর থেকে বুথ লেবেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই শুরু করবেন। এই বুথ লেবেল অফিসারদের (বিএলও) সঙ্গে রাজনৈতিক দলগুলি বুথ লেবেল এজেন্ট (বিএলএ) রাখতে পারবে। যারা বিএলও এর সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনে সহযোগিতা করতে পারবেন মানুষকে। এরা হবেন বিএলএ-২। আর এদের নিয়ন্ত্রণ করার জন্য দলগুলি নিয়োগ করবে বিএলএ-১। যে দায়িত্ব পালনের জন্য দার্জিলিঙে পাপিয়া ঘোষ, জলপাইগুড়িতে চন্দন ভৌমিক, কোচবিহারে অভিজিৎ দে ভৌমিক ও আলিপুরদুয়ারে সৌরভ চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর পুরো কাজ সঠিকভাবে হচ্ছে কিনা সেসব পর্যবেক্ষকের চোখে দেখে ভুলত্রুটি বাতলে কাজটি ঠিকঠাক ভাবে শেষ করতে দার্জিলিং জেলায় গৌতম দেব, জলপাইগুড়িতে মহুয়া গোপ, কোচবিহারে উদয়ন গুহ, আলিপুরদুয়ারে প্রকাশচিক বরাইককে বিশেষ দায়িত্ব পালন করার অনুরোধ করেছেন খোদ অভিষেক ব্যানার্জি। শুক্রবার তাই রাজ্যের প্রায় ১৮ হাজার নেতার সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করার সময় দার্জিলিং পর্বে এসে গৌতম দেবকেই খোঁজ করেন তিনি এবং দায়িত্ব নেবার অনুরোধ করেন।













