উন্নয়ন, শিলিগুড়ি

আয় বাড়িয়ে রেকর্ড মানিকের

ফেব্রুয়ারি 18, 2026

জঞ্জাল সাফাইয়ে পরিষেবা কর বাড়িয়ে রেকর্ড।

দুরন্ত প্রতিবেদন :‌ শিলিগুড়ি পুরনিগমের ৩৭ জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে হাতেগোনা যে কয়েকজন কাউন্সিলর কাজের ভিত্তিতে নিজস্বতা তৈরি করতে পেরেছেন, তাঁদের মধ্যে অন্যতম মানিক দে। তাঁর হাতেই পুরনিগমের জঞ্জাল বিভাগ। বিগত ৪ বছরে শিলিগুড়ি পুরনিগমের লজঝরে জঞ্জাল বিভাগকে রীতিমত অনেকটাই স্মার্ট করে ফেলেছেন। বদলে দিয়েছেন গোটা দপ্তরের পরিকাঠামো। বাড়ি বাড়ি থেকে জঞ্জাল সাফাই সহ গোটা শহরে পরিষেবা দেবার ক্ষেত্রে ইতিমধ্যে উল্লেখযোগ্য কৃতিত্ব দেখিয়েছেন। বিগত দেড় বছর থেকে জঞ্জাল সাফাইয়ের জন্য পরিষেবা কর আদায়েও রীতিমত রেকর্ড তৈরি করা শুরু করেছেন।

”বাম আমলে জঞ্জাল পরিষেবা কর হিসেবে মাসে ৭-‌৮ লক্ষ টাকা উঠলেও বিগত নভেম্বর মাসেই আমাদের বোর্ড ৩৬ লক্ষ ২৮ হাজার রাজস্ব তোলে। টার্গেট মাসে ৫০ লক্ষ অর্থ্যাৎ বছরে ৬ কোটি টাকা রাজস্ব আদায় করা।” : মানিক দে

মানিক দে জানান,‘‌বাম আমলে জঞ্জাল সাফাইয়ের জন্য প্রতিমাসে ৭-‌৮ লক্ষ টাকা পরিষেবা কর হিসেবে আদায় করত। কিন্তু ২ বছর ধরে বিশেষ উদ্যোগ নেওয়ায় বিগত দেড় বছর থেকেই পরিষেবা কর দ্বিগুণ তিনগুণ বাড়তে শুরু করে। এখন সেটি চারগুণ পর্যন্ত পৌঁছে যাচ্ছে।’‌ এই আয় পুরনিগমের ইতিহাসে রেকর্ডই বটে। মেয়র পারিষদ মানিক দে জানান,‘‌বাম আমলে জঞ্জাল পরিষেবা কর হিসেবে মাসে ৭-‌৮ লক্ষ টাকা উঠলেও বিগত নভেম্বর মাসেই আমাদের বোর্ড ৩৬ লক্ষ ২৮ হাজার রাজস্ব তোলে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে উঠেছে যথাক্রমে ২৮.‌০৯ লক্ষ ও ২৪ লক্ষ টাকা। গত জুনে এই রাজস্ব উঠেছে ৩৭ লক্ষ ২০ হাজার টাকা এবং মার্চ মাসে ৩২ লক্ষ ৭০ হাজার টাকা। ২০২৪ সালের ডিসেম্বরে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছিল। ৪৪ লক্ষ ১৭ হাজার টাকা। যা সত্যিই রেকর্ড। এতে করে জঞ্জাল বিভাগের আড়াইশটির ওপরে গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ এখান থেকেই উঠে যাচ্ছে। পুরনিগমের নিজস্ব তহবিলে হাত দিতে হচ্ছে না। মেয়র পারিষদ জানান, আমাদের লক্ষ্য মাসে ৫০ লক্ষ অর্থ্যাৎ বছরে ৬ কোটি টাকা রাজস্ব আদায় করা।

নিজের দপ্তরে মানিক দে। শিলিগুড়ি পুরনিগমে। ছবি:‌ সাতদিন

Leave the first comment