দুরন্ত প্রতিবেদন : সন্তান বড় হলেই আমরা স্কুলে পাঠাই। আমরা চাই নিজের সন্তানকে বুদ্ধিদীপ্ত করে তুলতে। আমরা ভাবি, সন্তানকে কী কী শেখাতে হবে। কোথায় শেখাতে হবে। শিশুদের শিক্ষাদান বিষয়ে ভাবনা পরিকল্পনাও নতুন নয়। বহুকাল আগে থেকেই এই বিষয় নিয়ে চর্চা চলে আসছে। গ্রীক দার্শনিক প্লেটোও যুগান্তকারী অনেক ধারণা রেখে গেছেন শিশুদের শিক্ষিত করার বিষয়ে। অথচ আজও আমরা অজ্ঞের মতোই শিশুদের বিভিন্ন শিক্ষাকেন্দ্রে পাঠাই। যেমন আঁকার স্কুলে ভর্তি করাটা একটি সাধারণ বিষয়। আমার সন্তান ছোট্ট বয়সেই সুন্দর গাছ, নদী, পাখি আঁকতে শিখলেই আমাদের আনন্দের সীমা থাকে না। ধীরে ধীরে সেই ছেলেটা এঁকেই গোছা গোছা পুরস্কার নিয়ে আসতে শুরু করলে আমাদের পা মাটি থেকে কিছুটা ওপরে উঠে যায়। অথচ সেই ছেলে গম্ভীরা চেনে না, হালুয়া হালুয়ানি জানে না, মাশান কী শোনেইনি। তাহলে কি সে ন্যুনতম শিল্পী হয়ে উঠতে পারল? আমার চারপাশের শিল্প, সংস্কৃতি সম্পর্কে যার সম্যক ধারণা নেই, সেই মানুষটি চোখ ধাঁধানো ছবি এঁকে দিলেও তিনি প্রকৃত শিল্পী হয়ে উঠতে পারেন না। সমস্ত শিল্পই তো আমাদের দৈনন্দিন জীবন থেকে উঠে এসেছে। জীবনের ভাবনা চিন্তা, উদ্বেগ উৎকণ্ঠা, জড়া ব্যাধি, আশা আনন্দ থেকেই যেমন ভাবে গল্প-কবিতার জন্ম, তেমনি চিত্রকলার উপাদানও সেখান থেকেই উঠে আসে। ‘শিল্প কেবল রং-তুলি-ছবি বা সংগীত নয়; এটি মানুষের আত্মার এক মৌলিক প্রকাশ।’ ফলে কোনও শিল্পীর ক্যানভাস যদি সমাজ ও সময়ের কথা বলতে না পারে, তবে সেই চিত্রকর্ম নেহাতই একটি ছবি হয়ে থাকে, প্রকৃত শিল্পের মর্যাদা কখনই পাবে না। তাহলে আমাদের সন্তানকে প্রকৃত শিল্পকর্ম শেখাতে চাইলে ঠিক কোন্ পথে যেতে হবে, এই ধারণা তৈরি করতে চাইলে পড়তেই হবে দীপায়ন ঘোষের বই ‘উত্তরবঙ্গে শিল্পকলা চর্চার চালচিত্র : ভাঙনের ভেতর রঙের উপনিবেশ’।

এই বইটি পড়লে বাড়তি যা পাবেন, তা হল বিস্তীর্ণ উত্তরবঙ্গে ছড়িয়ে থাকা লোকসংস্কৃতির এক অনন্য চিত্রকর্ম। পাশাপাশি বুঝতে পারবেন, ৫০০-৬০০ বছর পার করে এসেও আমরা শিশুশিক্ষা নিয়ে কোন্ অন্ধকারে হাবুডুবু খাচ্ছি। নিজেদের জন্যই এই বইটি পড়া অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি আমার বিশ্বাস এই বইটি উত্তরবঙ্গের ‘আর্ট টিচার’দের ভাবনার জগতকে আন্দোলিত করতে সমর্থ্য হবে।
আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলা ‘উত্তরবঙ্গ বইমেলা-২০২৫’ এর শহরতলি প্রকাশনের স্টল থেকে এই বইটি আপনি অবশ্যই সংগ্রহ করুন। শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনের মেলা ময়দানে মেলাটি বসবে।







