উত্তরবঙ্গ

‌বোমাতঙ্ক, শিলিগুড়িতে বন্ধ পাসপোর্ট সেবা

ফেব্রুয়ারি 26, 2026

শিলিগুড়ির পাসপোর্ট সেবা কেন্দ্রে

দুরন্ত প্রতিবেদন:‌ রাজ্যজুড়ে কয়েকদিন ধরেই একাধিক আদালতে বোমাতঙ্ক দেখা দেয়। সবই হয় ভুয়ো মেইলের জন্য। এরপর জেলায় জেলায় পোস্ট অফিসে বোমাতঙ্কের খবর আসে। এদিন আবার পাসপোর্ট সেবা কেন্দ্রেও একই বোমাতঙ্ক তৈরি হয়। এর পেছেনেও রয়েছে হুমকি মেইল। কলকাতার রিজিওনাল পাসপোর্ট অফিসে মেইল আসায় তাঁরা শিলিগুড়ির পাসপোর্ট সেবা কেন্দ্রেকেও সতর্ক করে। ফলে এদিন দপ্তর খুলতেই লোকজনকে সরিয়ে দেওয়া হয়। আসে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট থেকে ডগ স্কোয়াড। শিলিগুড়ি পাসপোর্ট অফিসের উচ্চপদস্থ আধিকারিক সোমনাথ মিত্র জানান, কলকাতা রিজিওনাল অফিস থেকে সতর্কবার্তা পাওয়ায় নিরাপত্তার স্বার্থে দপ্তর খালি করে পুলিশকে খবর দিই আমরা, শিলিগুড়ির পুলিশের ডিসিপি রাকেশ সিং জানান, সিআইডি বোম্ব স্কোয়াডের পক্ষ থেকে ‘গ্রিন সিগন্যাল’ পাওয়ার পর পুনরায় কাজকর্ম শুরু করা হয়েছে।
একই ছবি বাঁকুড়ার মুখ্য ডাকঘরে। আরডিএক্স রয়েছে এমন ই-মেইল আসে। তারপরই তড়িঘড়ি সকলকে বের করে দিয়ে বন্ধ করে দেওয়া হয় মুখ্য ডাকঘর। বালুরঘাট প্রধান ডাকঘরেও বোমা আতঙ্কে চাঞ্চল্য ছড়ায়। জলপাইগুড়িতেও একই ঘটনা। বোমাতঙ্কে বন্ধ করা দেওয়া হয় কাটোয়ার মুখ্য ডাকঘর। বর্ধমান জেলা ডাকঘর থেকে ই-মেইল মারফত জানানো হয়েছে জরুরি ভিত্তিতে ডাকঘর খালি করে দিন। সেই নির্দেশে কাটোয়া মুখ্য ডাকঘরের আধিকারিক প্রণবেশ চট্টোপাধ্যায় ডাকঘরের গ্রাহক থেকে সকলকে বের করে দিয়ে পুলিশকে খবর দিয়েছেন। আসানসোল হেড পোস্ট অফিসেও বোমাতঙ্ক। দুপুর দুটো নাগাদ উড়িয়ে দেওয়া হবে পোস্ট অফিস দপ্তর। এই ধরনের মেইল এসেছে বলে পোস্ট অফিসের কর্মীরা জানিয়েছে। ঝাড়গ্রাম প্রধান ডাকঘরও বোমাতঙ্কে বন্ধ হয়ে যায়।

সিআইডি বোম স্কোয়াড হাজির শিলিগুড়ি পাসপোর্ট সেবা কেন্দ্রে। ছবি:‌ সাতদিন

Leave the first comment