দুরন্ত প্রতিবেদন: ইডেনের মাঠে দক্ষিণ আফ্রিকাকে ফুৎকারে উড়িয়ে দিল ভারত। মাঠে গমগম করে বাজল ‘চক দে ইন্ডিয়া’। আর এই ঐতিহাসিক ম্যাচে শতরান করে বিরাট কোহলি এক দিনের ক্রিকেটে ‘ক্রিকেট ঈশ্বর’ শচিন তেন্ডুলকরকে ছুঁয়ে ফেললেন শতরানের সংখ্যায়। উল্লেখ্য, এদিনই আবার বিরাটের জন্মদিন ছিল। স্ত্রী অনুষ্কা তাই বলেই দিলেন,‘নিজের জন্মদিনে নিজেই নিজেকে উপহার দিল বিরাট’।
এদিন রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে কার্যত কুপোকাত হয়ে যায় প্রোটিয়ারা। ৩৩ রানের বিনিময়ে একাই নিলেন ৫ উইকেট। ৩২৭ রান তাড়া করতে নেমে মাত্র ২৭.১ ওভারে ৮৩ রানেই অলআউট দক্ষিণ আফ্রিকা। ২৪৩ রানে জয় হল ভারতের। ক্রিকেটের নন্দনকাননে সবচেয়ে কম রানে শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকার ইনিংস।
● এক দিনের ক্রিকেটে ৪৯তম শতরান করলেন বিরাট কোহলি
● ছুঁয়ে ফেললেন ‘ক্রিকেট ঈশ্বর’ শচিন তেন্ডুলকরের রেকর্ড
রবিবার এক দিনের ক্রিকেটে ৪৯তম শতরান করে বিরাট কোহলি বললেন,‘জন্মদিনে শতরান করতে পেরেছি। এমন সুযোগ করে দেওয়ায় ঈশ্বরকে ধন্যবাদ। ইডেনের মতো মাঠে রেকর্ড করায় আরও ধন্যবাদ। বিশাল সংখ্যক দর্শকের সামনে শতরান করতে পারার অনুভূতিই আলাদা।’ ইডেনের পিচে এদিন ব্যাট করা কঠিন ছিল বলে বিরাট নিজেই জানিয়েছেন। ১২১ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলে তিনি এমনটা বলেন।











