উন্নয়ন, শিলিগুড়ি

‌বর্জ্যকে অর্থে পাল্টে দেওয়ার পথ খুঁজলেন উত্তরবঙ্গের সভাধিপতিরা

নভেম্বর 3, 2023

দুরন্ত প্রতিবেদন:‌ কথায় আছে,’‌আবর্জনাই নগদ অর্থ’‌। কেউ কেউ বলেন, ‘‌আজকের বর্জ্য আগামীকালের সম্পদ’‌। এই কথাগুলিকে বাস্তব রূপ দিতে সমর্থ্য হয়েছে উন্নত কিছু দেশ। সুইডেন ও নরওয়েতে বর্জ্য প্রক্রিয়াজাত করে ব্যবহার করার মতো অন্য বস্তুতে রূপান্তরিত করে সেটা লাভজনক জায়গায় নিয়ে যেতে পেরেছে। যাতে করে তাঁরা অন্য দেশ থেকে বর্জ্য আমদানি করার সাহসও দেখাচ্ছে। এই উদাহরণগুলিকে সামনে রেখেই আগামীদিনের বর্জ্য সমস্যার সমাধান করতে সচেষ্ট শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে উত্তরবঙ্গের অন্য জেলাপরিষদগুলি। বর্জ্য সমস্যাকে তাই সম্ভাবনায় কীভাবে বদলে দেওয়া যায়, সেটা নিয়েই দেশের বিভিন্ন প্রান্তের বিশেষজ্ঞদের নিয়ে এসে শুক্রবার দিনভর আলোচনার আয়োজন করল পলিসি টাইমস চেম্বার অফ কমার্স। যে আলোচনা তথা কর্মশালাকে সফল করতে সক্রিয় সহযোগিতার হাতি বাড়িয়ে দিল শিলিগুড়ি মহকুমা পরিষদ। এদিনের কর্মশালায় শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, জলপাইগুড়ির সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, আলিপুরদুয়ারের সভাধিপতি স্নিগ্ধা শৈব, দক্ষিণ দিনাজপুরের সভাধিপতি চিন্তামণি বিহা, শিলিগুড়ির সহকারী সভাধিপতি রোমা রেশমী এক্কা, কর্মাধ্যক্ষ ক্যাপ্টেন নলিনী রঞ্জন রায়, নকশালবাড়ি ব্লকের সভাপতি আনন্দ ঘোষ সহ উত্তরবঙ্গের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, ব্লক সভাপতি ও আধিকারিকরা। সেইসঙ্গে হাজির ছিলেন আন্তর্জাতিক স্তরের দেশীয় বর্জ্য ব্যবস্থাপনা বেশ কিছু সংস্থা। পরশ গুপ্ত, দেবার্থ্য ব্যানার্জি, শিব রাও চালা, অমিত এম কোরডের মত বর্জ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা পঞ্চায়েতগুলিকে সবরকম ভাবে সহযোগিতা করে জঞ্জালমুক্ত পঞ্চায়েত গড়ার মাধ্যমে বিপুল আয় ও কর্মসংস্থানের পথ বাতলে দেন। এই আলোচনায় ভার্চুয়ালি অংশ নেন ইউরোপের বিশেষজ্ঞ মাইকেল রাডা।

পলিসি টাইমস চেম্বার ও কমার্সের ডিরেক্টর জেনারেল আক্রাম হক জানান,‘‌গোটা বিশ্বের মতো উত্তরবঙ্গের জেলাগুলিতেও জঞ্জাল ক্রমশ সমস্যার দিক থেকে বড় আকার নিচ্ছে। আমরা চাই এই সমস্যাগুলিকে সম্ভাবনায় বদলে দিতে। তার জন্য শুধু স্থানীয় কিছু এনজিওকে ব্যবহার করে কিছু হবে না। তার সঙ্গে দরকার হবে জাতীয় কিংবা আন্তর্জাতিক স্তরের বিশেষজ্ঞ সংস্থার মেলবন্ধন। পঞ্চায়েতের সঙ্গে তাঁদের যোগসূত্র তৈরি হলে বিশেষজ্ঞদের অভীজ্ঞতা নিয়ে স্থানীয় ভাবে কাজ করতে পারবেন। তারপর সচেতনতা বাড়িয়ে সমস্তস্তরের মানুষের অংশগ্রহনের মধ্যে দিয়ে কাজটিকে সফলতার দিকে এগিয়ে নিতে হবে। এর পাশাপাশি দেখা হচ্ছে কীভাবে এই বর্জ্য থেকে কোটি কোটি টাকার ব্যবসার পথ তৈরি করা যায়। সেটা সম্ভব। অনেক দেশ সেটা করে দেখিয়েছে। তবে তার জন্য চাই মানসিক প্রস্তুতি ও ইতিবাচক ভাবনা।’‌ শিলিগুড়ির সভাধিপতি অরুণ ঘোষ জানান,‘‌আমরা জঞ্জালমুক্ত শিলিগুড়ি গড়তে চাই। কিন্তু কাজ করতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। যে বিশেষজ্ঞরা এসেছেন তাঁদের সঙ্গে আমরা সমস্যাগুলি নিয়ে আলাদা করেও বৈঠক করব। প্রয়োজনে আমরা দেশের যে কোনও প্রান্তে সফল বর্জ্য ব্যবস্থাপনার খোঁজ পেলে সেটা দেখতে যাব এবং সেটা এখানে নিয়ে এসে বাস্তবায়িত করব। ভবিষ্যতের কথা ভেবে আমাদের এই কাজ করতেই হবে।’

Leave the first comment