অর্থনীতি, খবরাখবর, চা-‌শিল্প

চা–‌মজুরি নিয়ে মিথ্যাচার! কড়া জবাব কেশবরাজের

অক্টোবর 19, 2023

দুরন্ত প্রতিবেদন:‌ লোকসভা ভোট যত কাছে আসছে, বিজেপি তত প্রতিশ্রুতি ও মিথ্যাচার করা শুরু করছে বলে অভিযোগ করলেন পাহাড়ের ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার (‌বিজিপিএম)‌ কেন্দ্রীয় মুখপাত্র কেশবরাজ পোখরেল। সেই সঙ্গে ১ অক্টোবর বিজেপি চা-‌সমাবেশ ডেকে যেভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, তার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানান। বলেন,‘‌ফের বিজেপি নেতা মন্ত্রীরা চা-‌শ্রমিকদের আবেগ নিয়ে খেলা শুরু করেছে। সমাবেশে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে পাশে বসিয়ে দার্জিলিং লোকসভার সাংসদ রাজু বিস্ত ফের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। আর সেই সুরে সুর মিলিয়েছেন মন্ত্রী। বলেছেন বিজেপি ফের ক্ষমতায় এলে চা মজুরি ৩৫০ টাকা হবে।’‌ কেশবরাজ বলেন,‘‌২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহও এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন। রাজু বিস্তা অসমের উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন সেখানে চা শ্রমিকদের সুদিনের কথা। অথচ সেদিন থেকে আজ পর্যন্ত সমস্ত মিথ্যা বলেছেন তাঁরা। অসমে আজও বাংলার চেয়ে কম সুযোগ সুবিধা পান চা শ্রমিকরা।’‌ এরপরেই তিনি রাজুকে উদ্দেশ্য করে বলেন,‘‌চা-‌শ্রমিকদের এভাবে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া বন্ধ করা উচিৎ। চা শ্রমিকদের আবেগ নিয়ে ব্যবসা করছেন তিনি। পাহাড়েও মহাকাল বাবার নামে শপথ করে গোর্খাল্যান্ড এনে দেব বলেছিলেন। আর এখন সেই প্রতিশ্রুতির কথা কেউ মনে করিয়ে দিলে ক্ষিপ্ত হয়ে ওঠেন।’‌
উল্লেখ্য, রাজ্যে তৃণমূল সরকার আসার পর চা মজুরি ৬৭ টাকা থেকে বেড়ে আজ ২৫০ টাকা হয়েছে। রেশনে ৩৫ কেজি করে চাল পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। সরকার থাকার ঘর করে দেওয়া শুরু করেছেন। বাগানের জমির পাট্টা দেবার ব্যবস্থা করছে। সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্প পাবার সুযোগ রয়েছে চা শ্রমিকদের। অথচ অসমে তার কিছুই মেলে না। যে কারণে চা বলয়ে বিজেপির সংগঠন ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। অথচ ভোট পেতে যেভাবে বিজেপি ফের মিথ্যার আশ্রয় নেওয়া শুরু করছে, তাতে ক্ষুদ্ধ বিজিপিএম নেতারা। কেশবরাজ পোখরেল বলেন,‘‌করোনা মহামারির সময় সাংসদ বলেছিলেন দার্জিলিং জেলা হাসপাতালে একটি কোভিড টেস্টিং ল্যাব গড়বেন। আজও সেসবের কিছু হয়নি। আমরা এবার সাংসদের মিথ্যাচার ধারাবাহিকভাবে ফাঁস করব।’‌

Leave the first comment