দুরন্ত প্রতিবেদন: ভারতে মুক্তি পেল ভারত-বাংলাদেশ সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘মুজিব–একটি জাতির রূপকার’। পরিচালক শ্যাম বেনেগাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকে কেন্দ্র করে এই ছবিটি নির্মাণ করেছেন। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরি, নুসরাত ফারিয়া ও রিয়াজ। কলকাতায় এই ছবির মুক্তি উপলক্ষে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ইধিকা পাল,অরিন্দম শীল,শান্তিলাল মুখোপাধ্যায়,নন্দিতা রায় সহ আরও অনেকে। অন্যদিকে মুম্বাইয়ের প্রিমিয়ারে উপস্থিত ছিলেন নাসিরুদ্দিন শাহ, অদিতি রাও, সিদ্ধার্থ, শান্তনু মৈত্র, শ্রেয়া ঘোষাল, রথীজিৎ ভট্টাচার্য সহ অনেকে। ছিলেন মুজিব সিনেমার পরিচালক শ্যাম বেনেগাল এবং আতুল তিওয়ারি, শামা জায়েদিসহ মুজিব সিনেমার পুরো টিম। সিনেমাটির বিশেষ প্রদর্শনীর পর আরিফিন শুভর প্রশংসা করেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ।
জানা গেছে, ১৩ অক্টোবর বাংলাদেশে মুক্তি পেলেও এদিন বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ছবিটি। এরমধ্যে ভারতেই মুক্তি পেয়েছে ৫০০ সিনেমা হলে। বিএফডিসির গণসংযোগ কর্মকর্তা হিমাদ্রী বড়ুয়া সংবাদমাধ্যমকে এ তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, আজ (২৭ অক্টোবর) থেকে চলতি সপ্তাহের পুরোটাজুড়ে ভারতের ৫০৩টি প্রেক্ষাগৃহে দৈনিক ৬৮২টি শো প্রদর্শিত হবে ছবিটির। এরমধ্যে মুম্বাইয়ে সর্বোচ্চ ১০৩টি হলে মুক্তি পেয়েছে ছবিটি। এরপর যথাক্রমে কলকাতায় ১০০টি ও দিল্লীর ৭৫ হলে মুক্তি পেয়েছে ছবিটি। এভাবে ভারতের মোট ১২টি অঞ্চলে ছবিটি মুক্তি পেয়েছে প্রথম সপ্তাহে। অন্যদিকে আরও জানা গেছে, ২৭ অক্টোবর সিঙ্গাপুরের গোল্ডেন মাইল কমপ্লেক্সের কার্নিভাল সিনেমা হল ও সিটি স্কয়ার মলের গোল্ডেন ভিলেজ সিনেমা হলে মুক্তি পেয়েছে। ২ নভেম্বর পর্যন্ত সিনেমাটি ওই দুটি সিনেমা হলে চলবে।

আরিফিন শুভ












