দুরন্ত প্রতিবেদন
ফের যুদ্ধে মাতল ইজরায়েল ও প্যালেস্টাইন। শনিবার আচমকা জল, স্থল ও আকাশপথে হামাস আক্রমণ করে বসে ইজরায়েলে। এভাবে আক্রমণ করায় ক্ষিপ্ত ইজরায়েল পাল্টা হামলা করে গাজায়। হামলা পাল্টা হামলায় ১৫০০ এর বেশি মানুষের প্রাণ গেছে। উভয় তরফেই অনেক সেনাকর্মী বন্দি হয়েছে। দিন যত যাচ্ছে উভয় তরফে যুদ্ধ আরও মারাত্মক আকার নিচ্ছে। এই যুদ্ধের মধ্যেই ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নিয়াহু ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। মোদিও সরাসরি জানিয়ে দেন তিনি ইজরায়েলের পাশে আছেন। যা নিয়ে গোটা পৃথিবীতে চর্চা শুরু হয়েছে। কারণ ইজরায়েল নিয়ে ভারতের কূটনৈতিক ভারসাম্যের নীতি এতদিন অন্যরকম ছিল। ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা ভূখণ্ডে সেনা অভিযানের কথা জানিয়ে প্যালেস্তানীয়দের ওই এলাকা ছাড়ার হুঁশিয়ারি দেওয়ার পরে মোদি এক্স হ্যান্ডলে লিখেছেন,‘ইজরায়েলের ওপর জঙ্গি আক্রমণ হওয়ার ঘটনায় আমি বিস্মিত। যে সাধারণের প্রাণ গিয়েছে, তাঁদের জন্য প্রার্থনা রইল। এই কঠিন সময়ে আমরা ইজরায়েলের পাশে আছি।’ অন্যদিকে ভারতের কংগ্রেস গাজার প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে জানিয়ে দিয়েছে,‘প্যালেস্তানীয় জনতার স্বাধীনতার দাবি ন্যায্য’। কংগ্রেসের বক্তব্য,‘সাধারণ মানুষকে বাঁচাতে প্যালেস্তানীয় সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইজরায়েলি সেনাকে অস্ত্র তুলে নিতে হবে। সোমবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে এই বিষয়ে প্রস্তাবও গৃহীত হয়েছে। কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ বলেন,‘স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্রের দাবি ন্যায্য বলেই আমরা মনে করি। কংগ্রেস চায় আলোচনার মাধ্যমে প্যালেস্তানীয় আমজনতার সেই যুক্তিগ্রাহ্য আকাঙ্ক্ষা পূর্ণ হোক।’












