দেশ-‌দুনিয়া, শিলিগুড়ি

SIR-‌‌‌এ ‘‌বিচারাধীন’ বিশ্বজয়ী রিচা ঘোষ থেকে বাংলার মন্ত্রী

মার্চ 1, 2026

ভোটার তালিকায় বিচারাধীন বিশ্বজয়ী রিচা ঘোষ, মন্ত্রী গোলাম রব্বানি ও তাজমুল হোসেন

দুরন্ত প্রতিবেদন :‌ ক্রিকেট বিশ্বকাপ জয়ী রিচা ঘোষের নামও ভোটার তালিকায় ‘‌বিচারাধীন’ হয়ে আছে। ভারতের মহিলা দলের হয়ে আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে যারা চ্যাম্পিয়ন হয়েছে, তাঁদের মধ্যে অন্যতম শিলিগুড়ি পুরনিগমের ১৯ নম্বর ওয়ার্ডের রিচা। ক্রিকেটের সেই সাফল্যের হাত ধরেই রিচা ইতিমধ্যে পেয়েছেন বঙ্গভূষণ সম্মান। পেয়েছে পুলিশের ডিএসপি পদে চাকরি। সেই বিশ্বজয়ী রিচার নাম ‘‌বিচারাধীন’ তালিকায়। ভোটার তালিকায় তাঁর নামের উপর ‘অ্যাডজুডিকেট’ স্ট্যাম্প দেওয়া হয়েছে৷ একই ভাবে বিচারাধীন তালিকায় রাখা হয়েছে রিচার দিদি সোমশ্রী ঘোষকেও।
শুধু কি রিচা, রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানির নামও একই ভাবে বিচারাধীন তালিকায় রাখা হয়েছে। মন্ত্রী নিজেই তাজ্জব। তিনি জানান,‘‌যাদের ভিআইপি হিসেবে সম্মান দেওয়া হয় দেশে, তাদেরই তালিকায় নাম নেই। এই ঘটনা আমার বুথের হাজার মানুষের সঙ্গে হয়েছে। ১৪০০ ভোটারের মধ্যে তালিকায় আছে মাত্র ৯৩ জনের। বাকিরা বিচারাধীন।’‌
‘বিচারাধীন’ তালিকায় রয়েছেন রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেনও। তাঁর নাম ওই তালিকায় থাকা নিয়ে রাজনৈতিক তরজা চরমে উঠেছে। মন্ত্রীর দাবি, গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআরের নোটিস পেয়েছিলেন তিনি। সেই নোটিস পেয়ে লাইনে দাঁড়িয়ে সব নথি জমাও করেন। তারপরেও ‘বিচারাধীন’ তালিকায় নাম থাকায় অবাক হয়েছেন।


এমন ঘটনায় গোটা বাংলা পুনরায় ফুঁসে উঠেছে। কীভাবে এমনটা হতে পারে!‌ বিষয়টি নিয়ে সোমবারেই রিচার পরিবার শিলিগুড়ি মহকুমা নির্বাচন আধিকারিক বিকাশ রুহেলার সঙ্গে দেখা করবেন। অন্যদিকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বিষয়টি জানতে পেরেই সাংবাদিক সম্মেলন করে তীব্র প্রতিবাদ ব্যক্ত করেন। তিনি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কেন্দ্রীয় সরকারের ভৃত্য বলে অভিহিত করেছেন। ন্যক্কারজনক কাজ বলেও জানিয়েছেন তিনি। গোটা বিষয়টি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে।
১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী হাজরা জানান,‘‌রিচা শুধু রাজ্যের নয়, পুরো দেশের গর্ব৷ তাঁর নাম বাদ পড়েছে৷ এসআইআরের নামে ছেলেখেলা চলছে৷ রিচার দিদিরও নাম বিচারাধীনের তালিকায়৷ দেশের গর্ব রিচা নথিপত্র দিয়েই পাসপোর্ট পেয়েছেন। মহিলা জাতীয় দলে খেলছেন। সেই তারকার নাম কীভাবে বিচারাধীন তালিকায় আসে?‌ বিষয়টির শেষ দেখে ছাড়ব। সোমবারেই নির্বাচনী দপ্তরে অভিযান করব।’‌
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতীম রায়ও প্রতিবাদে সরব হয়েছেন। পার্থপ্রতীম রায় জানান,‘‌রিচা ঘোষের নাম তালিকায় বিচারাধীন। আর কত প্রহসন চলবে এসআইআর এর নামে। নির্বাচন কমিশনের ব্যর্থতা নাকি গণতন্ত্রের লজ্জা !‌’‌

Leave the first comment