রাজনীতি

‌দেওয়াল লিখন গৌতমের, চাপে শঙ্কর !‌

ফেব্রুয়ারি 26, 2026

গৌতম দেব বনাম শঙ্কর ঘোষ। শিলিগুড়ি।

দুরন্ত প্রতিবেদন :‌ ২০ ফেব্রুয়ারি শুক্রবার ফুলবাড়ির একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব একপ্রকার বুঝিয়ে দিয়েছিলেন যে, তিনি শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে চলেছেন। আর বুধবার ২৫ ফেব্রুয়ারি দুপুরে শিলিগুড়ি কলেজপাড়ায় নিজের বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে নির্বাচনী দেওয়াল লিখনের মধ্যে দিয়ে কার্যত বুঝিয়ে দিলেন, এবার ভোটের প্রচার শুরু হল।

শিলিগুড়ি কলেজপাড়ায় দেওয়াল লিখছেন গৌতম দেব। ছবি:‌ সাতদিন


গোটা রাজ্যে কোনও রাজনৈতিক দলের প্রার্থীতালিকা ঘোষণা হয়নি। সেই জায়গায় ভোট প্রচারে এতটা আগাম কাজকর্ম প্রমাণ করে ওই প্রার্থীর আত্মবিশ্বাস কতটা !‌ এটাও নিশ্চিত যে দলীয়ভাবেও নিশ্চয়ই সবুজ সংকেত পেয়েছেন। তাই শুধু দেওয়াল লিখন নয়, রোজ সকালে প্রাতঃভ্রমণের নামে মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ চালিয়ে যাচ্ছেন আরও আগে থেকে। তবে সবকিছুতেই একটা ‘‌কুল’ ভাব বজায় রেখেই একদিকে পুরনিগমের কোটি কোটি টাকার কাজের শিলান্যাস ও উদ্বোধন চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে ভোট প্রচারের অঙ্গ হিসেবে দেওয়াল লিখন থেকে জনসংযোগ করছেন।
অপর দিকে আগ্রাসী প্রচারে নেমেছেন বিজেপির শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। ধরে নেওয়া হচ্ছে তিনিই আবার শিলিগুড়ি থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন এবং গৌতম দেবের প্রতিপক্ষ হয়ে লড়াই করবেন। সেই ক্ষেত্রে এবার যে শিলিগুড়িতে তৃণমূল বনাম বিজেপির লড়াই হবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। প্রাথমিকভাবে অনেকেই ধরে নিচ্ছেন বাঙালি, অবাঙালি, হিন্দুত্বের ফর্মূলায় বিজেপি এগিয়ে। সেদিক থেকে শঙ্কর ঘোষের অনেকটা ‘‌কুল’‌ থাকার কথা ছিল, কিন্তু দিন যত এগোচ্ছে শঙ্কর ঘোষের মরিয়া মনোভাব ও গরম গরম বক্তব্য থেকে আঁচ করা যাচ্ছে শঙ্কর ঘোষ বিষম চাপে রয়েছেন। বুধবার শিলিগুড়ি খাদ্য সুরক্ষা দপ্তরে ডেপুটেশন দিতে গিয়ে পুলিশের নিরাপত্তা দেখেই ক্ষিপ্ত হয়ে গেলেন। তারপর পুলিশের ওপর গলা উঁচিয়ে বলেই দিলেন,‘‌দু‌দিন পর সরকার চালাব আমি। সরকার চালাবো। এটা বুঝে রাখুন।’‌ এরপর শিলিগুড়ি ১৭ নম্বর ওয়ার্ডে একটি নির্মীয়মান আবাসন প্রকল্পের কাছে গিয়েও সরকার গড়বেন বলে হুঁশিয়ারি দিয়ে চমকানো শুরু করেন। দিনভর শঙ্কর ঘোষের এমন কর্মকান্ড দেখে অন্যরকম আঁচ করতে শুরু করেছেন।

ভোটপ্রচারে গৃহ সম্পর্ক অভিযানে বিজেপির শঙ্কর ঘোষ। ছবি:‌ সাতদিন


আগের দিনই যেখানে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শহরের তিন রাজনৈতিক দলের তিনজন মেয়রকে একমঞ্চে দেখা গেল, এমন একটি ঐতিহ্যের দেখা মিলল, সেখানে শঙ্কর ঘোষের উগ্র বক্তব্যগুলি কোথাও যেন কানে লাগছিল। সেকারণেই অনেকে আন্দাজ করছেন, এবার বিজেপির প্রার্থী হওয়া সত্ত্বেও শঙ্কর ঘোষ বিগত বছরের মতো নিশ্চিন্ত নেই।

Leave the first comment