বনানী বিশ্বাস ● শিলিগুড়ি
দার্জিলিং সমতলে তৃণমূলের কোর কমিটি তৈরি হতেই ব্লক কমিটির অপেক্ষায় নেতা থেকে কর্মীরা। সংগঠন শক্ত করার ক্ষেত্রে ব্লক কমিটির ভূমিকা অত্যন্ত বেশি। ফলে সেই কমিটির মাথায় কাদের বসানো হচ্ছে সেই দিকে তাকিয়ে সকলে। ইতিমধ্যে বিভিন্ন স্তর থেকে ব্লক সভাপতিদের নামের তালিকা গেছে কলকাতায়। প্রতিটি ব্লক সভাপতির জন্য অন্তত ৪টি করে নাম গেছে রাজ্য নেতাদের কাছে। এদের মধ্যে কাদের নাম চূড়ান্ত হয়, সেটাই দেখার। আর এই ব্লক নেতাদের ওপরই নির্ভর করবে আগামী বিধানসভা নির্বাচনে শিলিগুড়ির ৩টি বিধানসভায় কতটা লড়াই করতে পারবে তৃণমূল। কোর কমিটি নিয়ে যে সব তৃণমূল নেতারা অখুশি, তাঁরাও ব্লক কমিটির অপেক্ষাতেই আছেন। সেখানেও রাজ্য কমিটি মুন্সিয়ানা না দেখালে অনেক নেতাই হাল ছেড়ে দিতে পারেন।
উল্লেখ্য, দার্জিলিং জেলা যুব তৃণমূলের সভাপতি পদে জয়ব্রত মুখুটিকে বসানোর পর থেকেই জেলার নেতারা মনে করছেন, সংগঠনে এবারে নতুন মুখের পাশাপাশি বিস্তর বদল হতে পারে। প্রথমে মনে করা হয়েছিল জেলা সভাপতি পদেও নতুন মুখ নিয়ে আসা হবে। কিন্তু সেখানে কার্যত সভাপতি মন্ডলী তৈরি করে দেওয়া হয়েছে। এটাও নতুন ভাবনা। এতেই মনে করা হচ্ছে রাজ্য তৃণমূলের অন্য কোনও কৌশল রয়েছে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে সংগঠন পরিচালনার জন্য শিলিগুড়িতে ব্লক কমিটির সংখ্যা বাড়ানোও হতে পারে। আগামী ৪ কিংবা ৫ আগস্টে শিলিগুড়ির ব্লক কমিটি ঘোষণা হতে পারে। উল্লেখ্য, শিলিগুড়ি মহকুমায় মোট ৭টি সাংগঠনিক ব্লক রয়েছে। এর মধ্যে ৩টি ব্লক শিলিগুড়ি পুরসভা এলাকায় ও বাকি ৪টি ব্লক গ্রামীণ এলাকায়।
কেন ব্লক গুরুত্বপূর্ণ?
প্রায় সাড়ে তিনমাস জেলা সভাপতি পদে কেউ না থাকায় সংগঠনে প্রভাব পড়েছে। গ্রামের একাধিক পঞ্চায়েতে অনাস্থা এসেছে। কিছু পঞ্চায়েতে অনাস্থা আনার তোড়জোড় চলছে। এই বিশৃঙ্খলার কারণ নির্দেশ দেবার মতো কেউ না থাকা। এবারে কোর কমিটি হলেও ব্লক স্তরে এই সমস্যা সামাল দিতে প্রয়োজন যোগ্য নেতা। কারণ সামনে বড় লড়াই রয়েছে। সেই লড়াই করতে গিয়ে যদি নিজের ঘর নিয়েই বেসামাল থাকতে হয়, তবে মূল কাজ করা কঠিন। তাই ব্লক স্তরে প্রয়োজন যোগ্য নেতা। ইতিমধ্যে যারা দীর্ঘদিন ওই পদে থেকে সফলতা দেখাতে পারেননি, তাঁদের পরিবর্তে নতুন মুখ নিয়ে আসাটাও জরুরী। সেই বদল নিয়েই আলোচনা চলছে। কিন্তু আখেরে কী হবে তা জানা যাবে আগামী সোম মঙ্গলবারেই।












