উৎসব
এই সবে উৎসব শেষ হলো...
যার কোনও রঙ রূপ দেখা যায় না কখনো
তারা মিশে গেছে ঘরের কোণ থেকে অরণ্যের গভীর অন্ধকারে।
অসংখ্য সবুজ পাতার আবছায়ায় একটি মাত্র রেখা
ধ্রুবতারার মতো উজ্জ্বল এবং উন্মুখ
হ্যামিলনের বংশীবাদকের মতো, মন্ত্রমুগ্ধ করে নিয়ে যায় অচেনায়।
কখনও সে একলা নয়, নয় গাফিল...
একটি শলাকায় প্রজ্জ্বলিত হয়েও পোড়ায় চিতা কাষ্ঠ
আগামীর ভোরে হাত পেতে থাকা সুরার পাত্রে একবিন্দু হ্যামলক।
মৃত্যুর মতো সত্য কিছু নেই...
আমি নেই, তবুও আছি সীমান্ত বিস্তৃর্ণ খোলা বাতাসে
মেঠো পথের ছায়ে এবং নির্লিপ্ত স্বাধীনতায়।
ধর্ম বা অধর্ম ছুঁয়ে মল্লারের উপাসনায়...
মিশে যায় আযানের শব্দ থেকে সন্ধ্যারতির মুগ্ধ স্নানে
শরণং গচ্ছামিতে। ক্রুশকাঠে মাথা নত করে ভাসি একাকী প্রার্থনায়।
অতলে লুকিয়ে থাকা রঙ বুদবুদের আকারে ছড়িয়ে দেয় চোখে মুখে
বিশাল হতে বিশালাকার বিস্তারে একদিন দেখা দেয় পূর্ণতার গ্রাসে
আবার শুরু হয় আরেক উৎসব...













1 comment
Nachiketa Bandyopadhyay
khub valo likhechen. suvechha