শ্রুতি সরকার, শিলিগুড়ি : উত্তরবঙ্গ তো বটেই, কলকাতা থেকেও চিত্রশিল্পীরা আসছেন শিলিগুড়ি। নিয়ে আসবেন নিজেদের সব অসাধারণ কাজ। কারণ বৃহস্পতিবার (২০ মার্চ) থেকে শুরু হচ্ছে দ্বিতীয় বর্ষ ‘শিলিগুড়ি আর্ট ফেয়ার’। তবে শিল্পীরা তৈরি বুধবার থেকেই। এদিন শহরের এক ঝাঁক শিল্পী রংতুলি নিয়ে তৈরি হয়ে আছেন। রাত ১০টা থেকে তাঁরা শুরু করবেন স্ট্রিট পেইন্টিং। আর এই আয়োজনের মধ্যে দিয়েই গোটা শহরের মানুষকে জানিয়ে দেবেন ২০ মার্চ থেকে শুরু হতে চলা আর্ট মেলার কথা। এবারের মেলায় ৪৫টি স্টল থাকছে। যেখানে গতবার ছিল মাত্র ২৩টি। সেখানে স্বরলিপি পাল, নবীন দাস, সহচরী, সৌমালি দলই, অনিন্দিতা চক্রবর্তী, জয়িতা চক্রবর্তী, তৃষা সাহা, প্রিয়াঙ্কা রবি দাস, পারু দেওয়ান, রাজেশ দাস, অক্ষয় চন্দ্র দাস, বন্দনা সাহা দে, মধুমিতা ঘোষ, বিপদ ভঞ্জন সিকদার, সুপর্ণা সেন, অরূপ মন্ডল, বৃষ্টি ইশোর, পাপিয়া দেবনাথ, রঞ্জন রায়, পিঙ্কি দাস, অমরনাথ নন্দী, অনির্বাণ, সুদীপ্ত রায়, সুরোজ রায়, ডোনা সরকার, দীপঙ্কর বসু বিশ্বাস, নীহার মজুমদার, বিপুল রায়, গোপীনাথ সাহা, সৌরভ দাস, গোপীনাথ সাহার মতো অনেক গুণী শিল্পী উপস্থিত থাকবেন।

সাধারণ মানুষ পরখ করে সেই সব ছবি যেমন কিনতে পারবেন, অথবা নিজের প্রয়োজনমতো ছবির অর্ডার দিতে পারবেন। মূলত শিল্পী হাতে আঁকা ছবির বিকিকিনি চলবে মেলায়। এতে করে চিত্রশিল্পের প্রতি মানুষ যেমন আগ্রহী হবেন, তেমনি শিল্পীরা বাজার পাবেন। এদিন ‘নর্থ বেঙ্গল পেইন্টার্স’এর সভাপতি সঞ্জয় দে, সম্পাদক সুজয় মিত্র, বিপ্লব ভট্টাচার্য, শচীন দাস, ত্রিদিব চৌধুরি, মানব ঘোষেরা শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে মেলার বিস্তারিত জানান। সভাপতি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় শিলিগুড়ির মেয়র গৌতম দেব মেলার উদ্বোধন করবেন। মেলা চলবে ২৫ মার্চ পর্যন্ত। সম্পাদক সুজয় মিত্র জানান,‘শিল্পচর্চাকে প্রতিটি মানুষের মননে পৌঁছে দেওয়া ও শিল্পীদের আঁকাগুলির একটা বাজার তৈরি করে দেওয়াই আমাদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্য সফল করতে এবারে আরও বড় পরিসরে মেলা হচ্ছে।’












