শিলিগুড়ি, শিল্প-‌সংস্কৃতি, সাতরঙ

‌হ্যাপি স্ট্রিট :‌ চলতি বছর আবার হবে !‌

ফেব্রুয়ারি 24, 2025

শিলিগুড়িতে প্রথম তরাই হিমালয়ান ফেস্টিভ্যাল। হ্যাপি স্ট্রিটের প্রবেশ দ্বার। ছবি:‌সাতদিন

দুরন্ত প্রতিবেদন :‌ প্রথমবার স্ট্রিট ফেস্টিভ্যাল করেই শিলিগুড়িবাসীর মন জিতে নিয়েছে দার্জিলিং জেলা প্রশাসন। সেবক মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত এলাকায় গড়ে তোলা ‘‌হ্যাপি স্ট্রিট’‌ আবাল-‌বৃদ্ধ-‌বণিতাকে মুগ্ধ করেছে। মজেছেন স্বয়ং শিলিগুড়ির মহানাগরিক। সেই সঙ্গে তিনি এই উৎসবের ছোঁয়া আবারও শহরবাসীকে দিতে চান বলে ইচ্ছা প্রকাশ করেছেন। তাও আবার চলতি বছরেই।

তাতে করে মনে হচ্ছে আগামী নভেম্বর-‌ডিসেম্বর মাসে আবারও এমন ‘‌হ্যাপি স্ট্রিট’ এর দেখা মিলতে পারে। মেয়র গৌতম দেব‌ জানিয়েছেন,‘‌‌শিলিগুড়ি পুরসভার ৭৫ বছর চলছে এবার। তবে এই ৭৫ বছর উদযাপন করা হবে নভেম্বর-‌ডিসেম্বর মাস নাগাদ প্রায় ৩০ দিন ধরে। তখনই এমন হ্যাপি স্ট্রিটের আদলে কিছু করার ইচ্ছে থাকল।’‌ শুধু তাই নয়, তরাই হিমালয়ান ফেস্টিভ্যাল নামের এবারে এই স্ট্রিট ফেস্টিভ্যাল প্রত্যেক বছর করার প্রস্তাব দিয়ে মেয়র চাইছেন ‌আগামীতে এই উৎসব অন্তত দুইদিন করার। তার জন্য হিলকার্ট রোডে ট্র‌্যাফিক সমস্যা হলে এসএফ রোডের কথাও ভেবে দেখতে বলেছেন। তাতে মনে করা হচ্ছে, উৎসব ক্যালেন্ডারে স্ট্রিট ফেস্টিভ্যাল স্থায়ী আসন পাচ্ছে এবং আগামী অন্তত দুইদিনের উৎসব হতে পারে। প্রথবারের স্ট্রিট ফেস্টিভ্যালের উদ্বোধনে পাহাড় থেকে সমতলের নেতৃত্ব থেকে প্রশাসনিক আধিকারিকরা হাজির ছিলেন। মেয়র ছাড়াও জিটিএ প্রধান অনীত থাপা, শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, সহকারী সভাধিপতি রোমা রেশমী এক্কা, জেলাশাসক প্রীতি গোয়েল, পুলিশ কমিশনার সি সুধাকর থেকে সর্বস্তরের আধিকারিকরা। ‌

স্ট্রিট ফেস্টিভ্যালের উদ্বোধনে উপস্থিত গৌতম দেব, অনীত থাপা, রঞ্জন সরকার, অরুণ ঘোষ, রোমা রেশমী এক্কা, প্রীতি গোয়েল, সি সুধাকর প্রমুখ। ছবি:‌ সাতদিন

Leave the first comment