দুরন্ত প্রতিবেদন : সংস্কৃতির বিকাশে শিলিগুড়ি পুরনিগমে বাম-পুরবোর্ডের সফল রূপায়ন ‘ওয়ার্ড-উৎসব’। এই উৎসব এখন গোটা শিলিগুড়ির হৃদস্পন্দন। সারাবছর ভাল থাকার পাসওয়ার্ড। যেন একটা খোলা আকাশ। ওয়ার্ড উৎসব মানেই মানুষের সঙ্গে মানুষের আত্মিক বন্ধন তৈরি হয়ে যায়। শিশু থেকে বুড়ো সকলে জড়িয়ে পড়েন উৎসবে। এভাবে এত মানুষ সম্ভবত সক্রিয়ভাবে অন্য কোনও উৎসবে যুক্ত হন না। এই উৎসবেই শহরের সিংহভাগ শিশুকিশোররা জীবনের প্রথম পুরস্কার বিজয়ী হয়। যা সারা জীবনে অমূল্য সম্পদ হয়ে থাকে। ইদানিং ওয়ার্ড উৎসবকে ঘিরে বাংলার নামী শিল্পীদের নিয়ে এসে অনুষ্ঠান সাজানোর প্রবণতা শুরু হয়েছে। কাতারে কাতারে মানুষ হচ্ছে সেখানে। তবে ওয়ার্ড উৎসবের মূল উদ্দেশ্যই হল ওয়ার্ডের প্রতিভা খুঁজে নিয়ে আসা। তাঁদের সম্মানিত করে আগামীর পথনির্দেশ করা। শিলিগুড়ি পুরনিগমের ২২ নম্বর ওয়ার্ডের ‘ওয়ার্ড উৎসবের’ নাম তাই রাখা হয়েছে ‘প্রতিভার সন্ধানে’।

ইতিমধ্যে ২২ নম্বর ওয়ার্ডেও ওয়ার্ড উৎসবের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়ে গেছে ৫ জানুয়ারি থেকে। ১৯ জানুয়ারি রবিবার অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। ওয়ার্ডের কাউন্সিলর দীপ্ত কর্মকার জানান,‘দাবা, ব্যাডমিন্টন, ভলিবল, ক্যারম, দৌড়, লম্ফ, প্রবন্ধ প্রতিযোগিতা, অঙ্কন, আবৃত্তি, হস্তশিল্প, তাৎক্ষণিক বক্তৃতা, ক্যুইজ, রান্না প্রতিযোগিতা, নৃত্য, সঙ্গীত থেকে নাটক সমস্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে ২৬ জানুয়ারি।














