উত্তরবঙ্গ, ক্যাম্পাস

মাধ্যমিকের মেধার চূড়ায় চন্দ্রচূড়

মে 2, 2024

বনানী বিশ্বাস, কোচবিহার :‌ মাধ্যমিকে প্রথম স্থান দখল করে ফের চমকে দিল কোচবিহার জেলা। কোচবিহার রামভোলা হাইস্কুলের চন্দ্রচূড় সেন ৭০০ নম্বরের মধ্যে ৬৯৩ নম্বর পেয়ে অবাক করে দিয়েছে সকলকে। তাঁর প্রাপ্ত নম্বরের হার ৯৯%‌। তারচেয়েও আশ্চর্যের হলো,এই নম্বর তোলার জন্য নিজের ইচ্ছে অনিচ্ছে ভালোলাগার কিছুই বাদ রাখেনি। যেমন গল্পের বইয়ে মুখ গুজে থেকেছে, তেমনি আবৃত্তি আর তাৎক্ষণিক বক্তৃতা চালিয়ে গেছে সমানতালে। চন্দ্রচূড়ের লেখাপড়ার জন্য বাঁধাধরা সময়ও ছিল না। এই দাবি খোদ চন্দ্রচূড়ের।
চন্দ্রচূড়ের বাবা সুশান্ত সেন বলেন,‘‌ ছেলে ক্লাসে কখনও সেকেন্ড হয়নি। বরাবর ফার্স্ট। মাধ্যমিকেও মেধাতালিকায় থাকবে আশা ছিল। কিন্তু প্রথম হবে ভাবিনি।’‌ চন্দ্রের ডাক্তারি পড়ার ইচ্ছের প্রসঙ্গে বাবা-‌মায়ের বক্তব্য,‘‌ডাক্তারি নিয়ে পড়তে চায়, তেমন ইচ্ছে আমাদেরও।’

বাবা ও মায়ের সঙ্গে চন্দ্রচূড় সেন। কোচবিহারে। ছবি:‌ সাতদিন


এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ২৩ হাজার ৬৩৬। উত্তীর্ণ হয়েছে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন। এ বারেও মাধ্যমিক পরীক্ষায় ফলাফলে এগিয়ে মেয়েরা। জানিয়েছেন, মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
উত্তীর্ণ হওয়া ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পড়ুয়ার মধ্যে ছেলের সংখ্যা ৪ লক্ষ ৩ হাজার ৯০০ জন এবং মেয়ের সংখ্যা ৫ লক্ষ ৮ হাজার ৬৯৮ জন। মাধ্যমিকে পাশের হার ৮৩.৩১ শতাংশ।

Leave the first comment