দুরন্ত প্রতিবেদন
প্রদর্শনী ও প্রতিযোগিতা তো হতেই থাকে, কিন্তু একটি শহরের বিভিন্ন স্তরের মানুষের কাছে চিত্রশিল্পকে নিয়ে যাওয়ার উদ্যোগ সেভাবে ছিল না শিলিগুড়িতে। এবারে সেই অভাবও পূরণ করছে ‘নর্থ বেঙ্গল পেইন্টার্স’ নামের সংগঠন। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে শহরের প্রথম ‘আর্ট ফেয়ার’ অর্থ্যাৎ আঁকার মেলা। এখানে গোটা উত্তরবঙ্গের চিত্রশিল্পী ও ভাস্কর্য শিল্পীরা তাঁদের শিল্পকর্ম নিয়ে হাজির হবেন। শিল্পী আসবেন সুদূর কলকাতা থেকেও। মোট অন্তত ২৩টি স্টল হবে শিলিগুড়ি মহকুমা পরিষদের সামনে ভুটিয়া মার্কেটে। এই মেলায় গেলে গোটা উত্তরবঙ্গের চিত্রশিল্পীদের কাজ যেমন দেখার সুযোগ হবে, তেমনি এই শিল্পের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করানোর সুবর্ণ সুযোগ থাকবে।
এই মেলা শুধু শিলিগুড়ি নয়, বাংলার প্রতিটি জেলায় হওয়া উচিৎ : যোগেন চৌধুরি
নর্থ বেঙ্গল পেইন্টার্সের সভাপতি সঞ্জয় দে জানান,‘আমাদের আরেকটি উদ্দেশ্য রয়েছে। সেটি হল উত্তরের শিল্পীদের মূল্যবান আঁকাগুলি বিক্রির ব্যবস্থা করা। পাশাপাশি একটি ধারা তৈরি করা যাতে ঘর সাজানোর হস্তশিল্প কিংবা আসবাবের মতো মানুষ আঁকা কিংবা ভাস্কর্যও কেনেন। এতে করে প্রান্তিক এই এলাকায় এই শিল্প একটি নতুন প্রাণ পাবে।’ ইতিমধ্যে এই মেলায় হাজিরা নিশ্চিত করেছেন, সুদীপ্ত রায় (চিত্রশিল্পী), মৈনাক ভট্টাচার্য (ভাস্কর), সুশান্ত পাল (ভাস্কর), জোনাকি পাল (চিত্রশিল্পী), মৌসুমী দে (চিত্রশিল্পী), গোবিন্দ রায় (চিত্রশিল্পী), মনোজ পাল (চিত্রশিল্পী), অচিন্ত্য দাস (চিত্রশিল্পী), অর্পিতা রায় দাস (চিত্রশিল্পী) , ভাস্কর দে (চিত্রশিল্পী), নিতাই বণিক (চিত্রশিল্পী), শুভেন্দু চক্রবর্তী (চিত্রশিল্পী), , বিমল বাইন (চিত্রশিল্পী), লোপামুদ্রা তালুকদার (চিত্রশিল্পী), সুমনা হালদার (চিত্রশিল্পী), প্রবীর দত্ত (চিত্রশিল্পী), মিন্টু রায় (চিত্রশিল্পী) সহ আরও অনেকে।
আর্ট ফেয়ারের অন্যতম কর্মকর্তা সুজয় মিত্র, অজয় সরকাররা জানান,‘আমরা এমন আঁকার মেলার সাহসী পদক্ষেপ নেওয়ায় বাংলার প্রথিতযশা শিল্পীরা শুভেচ্ছা পাঠিয়েছেন।’ বিখ্যাত শিল্পী যোগেন চৌধুরি জানিয়েছেন,‘আর্ট ফেয়ারের আয়োজন দেখে খুব ভাল লেগেছে। এইরকম মেলা শুধু শিলিগুড়ি নয়, বাংলার প্রতিটি জেলায় হওয়া উচিৎ। তাহলে সাধারণ মানুষের কাছে মূল্যবান সব শিল্পকর্ম পৌঁছে যাবে। যা হওয়া অত্যন্ত প্রয়োজন।’ সুজয় মিত্র, সঞ্জয় দে জানান, মেলা বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে ১৯ মার্চ পর্যন্ত। ১৪ মার্চ উদ্বোধন।












