ক্যাম্পাস, শিলিগুড়ি

জেইই মেইনসে (‌সেশন-‌১)‌ রাজ্য সেরা ইরাদ্রি

ফেব্রুয়ারি 14, 2024

দুরন্ত প্রতিবেদন

‌জয়েন্ট এন্ট্রান্স মেইনসের প্রথম পর্বে রাজ্য সেরা হয়েছে শিলিগুড়ির ইরাদ্রি বসু খাউন্ড। ৯৯.‌৯৯৩৪১০৪%‌ নম্বর পেয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (‌এনটিএ)‌ আয়োজিত এই সর্বভারতীয় পরীক্ষায় সকলের নজর কেড়েছে। ইরাদ্রির সাফল্যে খুশিতে আত্মহারা তাঁর বাবা শরবন খাউন্ড, মা বৈজয়ন্তী বসু সহ গোটা শহর। উচ্ছ্বসিত ইরাদ্রির স্কুল ও কোচিং সংস্থা। এবারের জানুয়ারি সেশনে গোটা দেশের ১১ লক্ষ ৭০ হাজার ৪৮ জন পড়ুয়া এই জেইই মেইনসে পরীক্ষা দিয়েছিল। এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীর মধ্যে রাজ্যভিত্তিক টপারদের যে ৫৩ জনের তালিকা প্রকাশ করা হয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে একমাত্র ইরাদ্রির নাম রয়েছে।


ইরাদ্রির বাড়ি শিলিগুড়ি হাকিমপাড়া খেলাঘর মোড়ের কাছে। বাবা মালবাজার মহকুমার এক গ্রামীণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ইরাদ্রি লেখাপড়া করে শিলিগুড়ি দিল্লি পাবলিক স্কুলে। তবে এই পরীক্ষার প্রস্তুতির জন্য অ্যালেন নামক শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতা নিয়েছে। দশমের পরীক্ষাতে সে ৯৩.‌৬৭%‌ নম্বর পেয়েছিল। এবারে যে দ্বাদশের ছাত্র। জেইই অ্যাডভান্সড পরীক্ষার পাশাপাশি রাজ্য জয়েন্ট এন্ট্রান্সেও বসার ইচ্ছে ইরাদ্রির। কম্পিউটার সায়েন্সের ওপর গবেষণা করার আগ্রহ বেশি ইরাদ্রির।

অ্যালেন কেরিয়ার ইনস্টিটিউটে ইরাদ্রি। ছবি:‌ সাতদিন


উল্লেখ্য, ন্যাশনাল টেস্টিং এজেন্সি ( এনটিএ ) হল একটি ভারতীয় সরকারী সংস্থা যা কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ দ্বারা অনুমোদিত হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রবেশিকা পরীক্ষা পরিচালনার জন্য নভেম্বর ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে।

Leave the first comment