দুরন্ত প্রতিবেদন: শুক্রবার ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপাল। ঘটনায় শুরুতেই ১৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও প্রচুর বাড়বে। আহতের সংখ্যাটাও অনেক। নেপালের ভূকম্পনের অভিঘাত দিল্লি পর্যন্ত পাওয়া গেছে। ভূমিকম্পের কারণে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছিল। লক্ষ্ণৌ এবং বিহারের অনেক জায়গার মাটি কেঁপে ওঠে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য মতে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কেঁপে ওঠে দিল্লি সহ বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপাল। কম্পনের কেন্দ্র মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার নীচে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৪। কম্পনের কিছুক্ষণের মধ্যেই একের পর বাড়ি ধসে পড়তে শুরু করে। বহু বাড়িতে চওড়া চওড়া ফাটল ধরে। ইট-কাঠ-সিমেন্টের ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়ছে বহু মানুষের। যার মধ্যে পশ্চিম রুকুম এবং জাজারকোটে সব থেকে বেশি মানুষের মৃত্যু হয়েছে।


নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল ভূমিকম্পের কারণে মৃত্যু এবং ক্ষয়ক্ষতির জন্য শোক প্রকাশ করেছেন। শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি লেখেন,‘নেপালের ভূমিকম্পে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি নিয়ে গভীরভাবে শোকাহত। নেপালের জনগণের পাশে আছে ভারত। নেপালকে সম্ভাব্য সব ধরনের সহায়তা করতে প্রস্তুত ভারত। স্বজনহারা পরিবারগুলির প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই কামনা করছি।’ সরকারি নথিপত্র অনুযায়ী, নেপাল বিশ্বের ১১তম ভূমিকম্পপ্রবণ দেশ।












